কোমরব্যথা মানেই হাড় ক্ষয় নয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে হাড় যে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, তা আমরা অনেক সময় টেরই পাই না। একদিন সামান্য আঘাতে কবজি ভেঙে যাওয়া কিংবা ঘরের মধ্যে পড়ে গিয়ে নিতম্বের হাড় ভাঙার পর ধরা পড়ে অস্টিওপোরোসিস বা হাড়ের ভঙ্গুরতা।
হাড় ক্ষয় আসলে কী?
প্রতিনিয়ত পুরনো হাড় ক্ষয় হয় এবং নতুন হাড় তৈরি হয়। এ দুই প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট হলে হাড়ের ঘনত্ব ও অভ্যন্তরীণ গঠন দুর্বল হয়ে পড়ে। ফলে সামান্য আঘাতেও হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়।
কোমরব্যথা মানেই কি হাড় ক্ষয়?
না। এটি আমাদের সমাজের অন্যতম প্রচলিত ভুল ধারণা। কোমরব্যথার সাধারণ কারণ মাংসপেশির টান, ডিস্কের সমস্যা, মেরুদণ্ডের বয়সজনিত পরিবর্তন কিংবা প্রদাহ। অস্টিওপোরোসিস সাধারণত ব্যথাহীন। তবে মেরুদণ্ডের হাড় ভেঙে গেলে হঠাৎ পিঠে ব্যথা, উচ্চতা কমে যাওয়া কিংবা পিঠ কুঁজো হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
তরুণ বয়সেও কেন হাড় ক্ষয় হয়?
অস্টিওপোরোসিস বয়স্কদের মধ্যে বেশি হলেও এটি তরুণদেরও হতে পারে। কিছু কারণ যেমন—
- হরমোনের সমস্যা: অতিরিক্ত থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যাওয়া, পুরুষের টেস্টোস্টেরন কমে যাওয়া কিংবা নারীদের দীর্ঘদিন মাসিক বন্ধ থাকা।
- পুষ্টি ও বিপাকীয় সমস্যা: ভিটামিন ডি-এর ঘাটতি, দীর্ঘমেয়াদি অপুষ্টি, অন্ত্রে পুষ্টি শোষণের সমস্যা এবং কিছু ক্ষেত্রে ডায়াবেটিস।
- দীর্ঘমেয়াদি রোগ: রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিডনি ও লিভারের দীর্ঘস্থায়ী রোগ।
- ওষুধের প্রভাব: দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ এবং নির্দিষ্ট কিছু হরমোন-প্রভাবিত ওষুধ সেবন।
কারা বেশি ঝুঁকিতে?
৬৫ বছরের বেশি বয়সী নারী ও ৭০ বছরের বেশি বয়সী পুরুষ। আগে যাদের সামান্য আঘাতে হাড় ভেঙেছে কিংবা পরিবারে নিতম্বের হাড় ভাঙার ইতিহাস রয়েছে এমন ব্যক্তি। কম ওজন, ধূমপানের অভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাব রয়েছে যাদের। এ ছাড়া দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ সেবন করেন এমন ব্যক্তিও হাড় ক্ষয়ের ঝুঁকিতে রয়েছেন।
হাড় ক্ষয় নির্ণয়ের সঠিক উপায় কী?
হাড়ের ঘনত্ব পরিমাপের স্বীকৃত পরীক্ষা ডেক্সা স্ক্যান। সাধারণত মেরুদণ্ড ও নিতম্বের হাড় পরীক্ষা করা হয়। মেনোপজ-পরবর্তী নারী ও ৫০ বছর বা তার বেশি বয়সী পুরুষের ক্ষেত্রে টি-স্কোর—২.৫ বা কম হলে অস্টিওপোরোসিস নির্ণয় করা যায়। তরুণদের ক্ষেত্রে সাধারণত জেড-স্কোর বিবেচনা করা হয়। সাধারণ এক্স-রে বা রক্তের ক্যালসিয়াম পরীক্ষা দিয়ে অস্টিওপোরোসিস নিশ্চিত করা যায় না। রক্তে ক্যালসিয়াম স্বাভাবিক থাকলেও হাড় ক্ষয় থাকতে পারে।
হাড় ভালো রাখতে কী করবেন?
- প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম ও প্রোটিনসমৃদ্ধ খাবার খান।
- প্রয়োজন অনুযায়ী ভিটামিন-ডি নিশ্চিত করুন।
- নিয়মিত হাঁটুন, পেশি শক্তিশালী করার ও ভারসাম্য রক্ষার ব্যায়াম করুন।
- ধূমপান পরিহার করুন এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমান।
শুধু ক্যালসিয়াম খেলেই কি চিকিৎসা হবে?
না। ক্যালসিয়াম ও ভিটামিন-ডি গুরুত্বপূর্ণ; কিন্তু এগুলোই সম্পূর্ণ চিকিৎসা নয়। হাড় ভাঙার ঝুঁকি বেশি হলে বিসফসফোনেট, ডেনোসুম্যাব কিংবা বিশেষ পরিস্থিতিতে হাড় গঠনে সহায়ক ওষুধের প্রয়োজন হতে পারে।
লেখক: এমবিবিএস, এমডি (রিউমাটোলজি), রিউমাটোলজি ও অটোইমিউন রোগ বিশেষজ্ঞ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা



