অপরিণত শিশুর চাই বাড়তি যত্ন

গর্ভে পূর্ণ সময় থাকার আগেই জন্ম নেয় কিছু শিশু। জন্মের পর তাদের দেখা দিতে পারে নানা সমস্যা। এসব শিশুর প্রয়োজন বিশেষ চিকিৎসা ও বাড়তি যত্ন।
প্রতি বছর বিশ্ব জুড়ে অপরিণত শিশুর জন্ম ও তাদের পরিচর্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব অপরিণত শিশু দিবস পালিত হয়। এ বছর থেকে দিবসটি পালিত হবে ১৫ নভেম্বর।
অপরিণত শিশু বলতে কী বোঝায়?
গর্ভধারণের ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে কোনো শিশু জন্ম নিলে তাকে অপরিণত শিশু বলা হয়। গর্ভে থাকার সময় কম হলে শিশুর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পূর্ণতা পাওয়ার সুযোগ কমে যায়। নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ায় এসব শিশুর ফুসফুস, মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গ পুরোপুরি বিকশিত হওয়ার সুযোগ পায় না। ফলে জন্মের পর শ্বাসকষ্ট, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা, মায়ের দুধ পান করতে অসুবিধা, মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গের বিকাশে জটিলতা এবং সংক্রমণের ঝুঁকি দেখা দিতে পারে। গর্ভকালের ২৮ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুর ঝুঁকি সবচেয়ে বেশি।
কেন অপরিণত শিশু জন্ম নেয়?
গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, প্রি-একলাম্পসিয়া, ডায়াবেটিস, রক্তশূন্যতা, অপুষ্টি, প্রস্রাবের সংক্রমণ বা অন্য কোনো সংক্রমণ ঝুঁকি বাড়াতে পারে। জরায়ু বা জরায়ুমুখের সমস্যা, অতিরিক্ত রক্তপাত এবং আগের গর্ভধারণে অপরিণত সন্তান জন্মের ইতিহাসও গুরুত্বপূর্ণ কারণ।
এ ছাড়া যমজ বা একাধিক সন্তান গর্ভে থাকা, গর্ভের পানির থলি সময়ের আগে ফেটে যাওয়া এবং প্লাসেন্টার সমস্যায় অপরিণত প্রসব হতে পারে। ধূমপান, মাদক গ্রহণ, অতিরিক্ত মানসিক চাপ, অপুষ্টি ও গর্ভধারণের মধ্যে কম ব্যবধানও ঝুঁকি বাড়ায়।
বাংলাদেশে অপরিণত শিশুর জন্মের চিত্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের ২০২০ সালের বৈশ্বিক হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোট জীবিত জন্মের প্রায় ১৬ দশমিক ২ শতাংশ শিশু অপরিণত অবস্থায় জন্মেছে। সংখ্যার হিসাবে তা প্রায় ৪ লাখ ৮৮ হাজার ৬০০ শিশু। ওই হিসাবে বাংলাদেশে অপরিণত শিশু জন্মের হার বিশ্বের সর্বোচ্চ। তবে এটি ২০২০ সালের গবেষণাভিত্তিক অনুমান, বর্তমান বছরের সরাসরি গণনা নয়। বিশ্ব জুড়ে একই বছরে প্রায় ১ কোটি ৩৪ লাখ শিশু অপরিণত অবস্থায় জন্মেছিল।
অপরিণত শিশুর জন্ম প্রতিরোধে করণীয়
সব ক্ষেত্রে অপরিণত শিশুর জন্ম ঠেকানো সম্ভব না হলেও ঝুঁকি কমানো যায়। এ জন্য গর্ভধারণের আগে মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং গর্ভাবস্থার শুরু থেকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসকের নির্দেশ অনুযায়ী আয়রন, ফলিক অ্যাসিড ও প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তশূন্যতা নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং ধূমপান, মাদক ও পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকা প্রয়োজন। গর্ভাবস্থায় কোনো সংক্রমণ বা অস্বাভাবিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। আগের গর্ভধারণে অপরিণত সন্তান জন্মের ইতিহাস থাকলে শুরুতেই চিকিৎসককে জানাতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয়।
অপরিণত শিশু জন্ম নিলে করণীয়
অপরিণত শিশু জন্মের পরপরই নবজাতক বিশেষজ্ঞের মাধ্যমে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা জরুরি। শিশুর শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন, শরীরের তাপমাত্রা ও ওজন পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করতে হতে পারে। শ্বাসকষ্ট হলে অক্সিজেন বা শ্বাস-প্রশ্বাসে সহায়তা এবং শরীরের তাপমাত্রা ধরে রাখতে ইনকিউবেটরের প্রয়োজন হতে পারে।
অপরিণত শিশুর বিশেষ যত্ন
অপরিণত শিশুর পরিচর্যায় ক্যাঙারু মাদার কেয়ার (কেএমসি) অত্যন্ত কার্যকর। এ পদ্ধতিতে শিশুকে মায়ের খালি বুকের সঙ্গে ত্বকের সংস্পর্শে রাখা হয়। এটা শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে, বুকের দুধ পান করতে এবং সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করে।
মায়ের বুকের দুধ অপরিণত শিশুর জন্য সবচেয়ে উপকারী খাবার। শিশুকে উষ্ণ রাখতে হবে এবং ঠান্ডা পরিবেশ থেকে দূরে রাখতে হবে।
সংক্রমণ এড়াতে শিশুকে স্পর্শ করার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা দিতে হবে।
যেসব লক্ষণে দ্রুত হাসপাতালে নিতে হবে
শিশুর শ্বাস নিতে কষ্ট হওয়া, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, ঠোঁট বা শরীর নীলচে হয়ে যাওয়া, দুধ পান করতে না পারা, শরীর অতিরিক্ত ঠান্ডা বা জ্বর হওয়া, খিঁচুনি, অস্বাভাবিক নিস্তেজতা কিংবা বুক দেবে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিতে হবে।
লেখক: এমবিবিএস, এমডি (নিওনেটোলজি), সহযোগী অধ্যাপক, মনোয়ারা হসপিটাল লিমিটেড।



