স্বাস্থ্য টিপস
ঘামাচি কি সংক্রমণের আকার ধারণ করতে পারে
ডা. সৈয়দ সানি উজ জামান

গ্রাফিকস: আগামীর সময়
গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘামাচি খুবই সাধারণ একটি সমস্যা। শরীরের ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে ঘাম বের হতে না পারলে ত্বকে ছোট ছোট লালচে দানা ও চুলকানি দেখা দেয়, যাকে আমরা ঘামাচি বলি। বেশিরভাগ ক্ষেত্রে এটি নিরীহ এবং আবহাওয়া ঠান্ডা হলে বা ত্বক শুষ্ক রাখলে কয়েক দিনেই সেরে যায়। তবে অবহেলা করলে এই সাধারণ ঘামাচিও সংক্রমণের রূপ নিতে পারে। চুলকানোর ফলে ত্বকে ছোট ছোট ক্ষত তৈরি হয়। আর সেই ক্ষতে ব্যাকটেরিয়া ঢুকে সংক্রমণ ঘটায়।
যেসব লক্ষণে বুঝবেন সংক্রমণ হয়েছে
- ঘামাচির দানায় পুঁজ জমা বা হলুদাভ ফোসকা
- আক্রান্ত স্থানে ব্যথা, ফোলা ও বেশি লালচে ভাব
- আক্রান্ত স্থানটি গরম অনুভূত হওয়া
- দানা থেকে রস বা পুঁজ বের হওয়া
- সঙ্গে জ্বর বা শরীর খারাপ লাগা
ঘামাচি ও সংক্রমণ এড়াতে করণীয়
- ঢিলেঢালা ও সুতির পোশাক পরুন, যাতে ঘাম সহজে শুকায়
- দিনে কয়েকবার পরিষ্কার পানিতে গোসল করে শরীর শুকিয়ে নিন
- আক্রান্ত স্থান নখ দিয়ে না চুলকে পরিষ্কার রাখুন
- বেশি গরম ও ঘামযুক্ত পরিবেশ এড়িয়ে চলুন
- শিশুদের ঘামাচি হলে বিশেষ যত্ন নিন, তারা বেশি চুলকায়
সাধারণ ঘামাচি চিকিৎসা ছাড়াই সেরে যায়। যদি দানায় পুঁজ জমে, ব্যথা বা জ্বর দেখা দেয় কিংবা কয়েক দিনেও না সারে, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম।



