চোখ ভালো রাখতে ১০টি গুরুত্বপূর্ণ খাবার

চোখ সুস্থ রাখতে স্বাস্থ্যকর ও সুষম খাবারের বিকল্প নেই। প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখা জরুরি। চোখ ভালো রাখতে নিয়মিত খেতে পারেন নিচের খাবারগুলো।
গাঢ় সবুজ শাকসবজি: এতে থাকা লুটিন ও জিয়াক্সানথিন বয়সজনিত ছানি ও চোখের অন্যান্য সমস্যা প্রতিরোধে সাহায্য করে।
গাজর: বিটা-ক্যারোটিন ও ভিটামিন-এ রেটিনা সুস্থ রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে।
মিষ্টি আলু: বিটা-ক্যারোটিন ও ভিটামিন-ই চোখের কার্যক্ষমতা ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
ছোট ও সামুদ্রিক মাছ: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চোখের শুষ্কতা কমাতে সহায়ক।
ডিম: কুসুমে থাকা ভিটামিন-এ, লুটিন, জিয়াক্সানথিন ও জিংক চোখের সুস্থতায় ভূমিকা রাখে।
টকজাতীয় ফল: ভিটামিন-সি চোখের রক্তনালি সুস্থ রাখতে এবং ছানির ঝুঁকি কমাতে সাহায্য করে।
বাদাম ও বীজ: ভিটামিন-ই ও ওমেগা-৩ চোখের কোষের ক্ষয় রোধ করে।
ডাল ও শিমজাতীয় খাবার: মসুর ডাল, কলাই, শিম ও ছোলার জিংক ভিটামিন-এ পরিবহনে সাহায্য করে।
দুধ ও দুগ্ধজাত খাবার: দুধ, দই ও পনির চোখের পুষ্টির ভালো উৎস।
টমেটো ও মিষ্টি পেঁপে: চোখের জন্য উপকারী পুষ্টি উপাদান সরবরাহ করে।
পাশাপাশি প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পরিষ্কার পানি পান করুন। এটি চোখের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
লেখক: মেডিকেল অফিসার, বাংলাদেশ আই হসপিটাল, ধানমন্ডি



