ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

গ্রাফিকস: আগামীর সময়
প্রায় প্রতিটি বাড়িতেই কিছু না কিছু নিয়মিত সেবনের ওষুধ রাখা থাকে। কিন্তু ওষুধ কীভাবে ও কোথায় রাখছি, সেদিকে আমরা প্রায়ই খেয়াল করি না। ভুলভাবে সংরক্ষণ করলে ওষুধ তার কার্যকারিতা হারায়, এমনকি ক্ষতিকরও হয়ে উঠতে পারে। তাপ, আলো ও আর্দ্রতা ওষুধের গুণাগুণ নষ্ট করে দেয়। তাই শুধু মেয়াদ ঠিক থাকলেই যথেষ্ট নয়, ওষুধ সঠিক পরিবেশে রাখাও সমান জরুরি।
করণীয়
· ওষুধ ঠান্ডা, শুষ্ক ও আলো থেকে দূরে রাখুন
· যেসব ওষুধ ফ্রিজে রাখতে বলা হয়, সেগুলো অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করুন
· টেম্পারেচার সেনসেটিভ ওষুধ, যেমন গুলিয়ে তৈরি করা অ্যান্টিবায়োটিক সিরাপ আলো কম পড়ে এমন জায়গায় রাখুন এবং নির্দিষ্ট দিনের (সাধারণত সাত দিন) মধ্যে ব্যবহার করুন
· ওষুধ মূল প্যাকেট বা কৌটায় রাখুন, যাতে নাম ও মেয়াদ পড়া যায়
· শিশুদের নাগালের বাইরে, নির্দিষ্ট ও নিরাপদ জায়গায় ওষুধ রাখুন
· মাঝেমধ্যে ওষুধের মেয়াদ আছে কি না দেখুন প্রয়োজনে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলুন
রান্নাঘর বা জানালার পাশে রোদ পড়ে এমন জায়গায় ওষুধ রাখবেন না। গায়ের লেবেল বা মেয়াদের অংশ ফেলে দেবেন না। রঙ, গন্ধ বা আকৃতি বদলে যাওয়া ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন। মেয়াদোত্তীর্ণ বা নষ্ট ওষুধ যেখানে-সেখানে না ফেলে নিরাপদ জায়গায় ফেলুন। মনে রাখবেন, ওষুধ কেনার পর তা কোথায় ও কীভাবে রাখছেন, তা ওষুধ নিয়মিত খাওয়ার মতোই গুরুত্বপূর্ণ।
লেখক: সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম





