স্বাস্থ্য টিপস
ভারী ব্যাগ বহনে শিশুদের কী সমস্যা হতে পারে

গ্রাফিকস: আগামীর সময়
শৈশবে শরীরের হাড়, পেশি ও মেরুদণ্ডের দ্রুত বিকাশ ঘটে। এই সংবেদনশীল সময়ে অতিরিক্ত ভারী স্কুলব্যাগ বহন শিশু-কিশোরদের শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। শরীরের মোট ওজনের ১০ থেকে ১৫ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করা উচিত নয়। অর্থাৎ, আপনার সন্তানের ওজন ২০ কেজি হলে তার ব্যাগের ওজন ২-৩ কেজির বেশি হওয়া যাবে না।
অতিরিক্ত ওজনের প্রভাব
ব্যাগের ওজনে ঘাড়, কাঁধ ও পিঠের পেশিতে প্রচণ্ড চাপ পড়ে, যা থেকে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে। ভারসাম্য বজায় রাখতে শিশুরা সামনের দিকে ঝুঁকে হাঁটার অভ্যাস করে, ফলে মেরুদণ্ডের স্বাভাবিক ভঙ্গি নষ্ট হয়ে তা বেঁকে যেতে পারে। ব্যাগের সরু ফিতা কাঁধের স্নায়ু ও রক্তনালিতে চাপ সৃষ্টি করে হাত অবশ বা ঝিনঝিন অনুভূতির জন্ম দেয়। কাঁধের পেশিতে টান পড়ার ফলে মাথাব্যথা এবং অতিরিক্ত ভার বহনে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, যা পড়াশোনায় মনোযোগ কমিয়ে দেয়।
অভিভাবকদের করণীয়
- ব্যাগের ওজন বাচ্চার শরীরের ওজনের ১০-১৫ শতাংশের মধ্যে সীমিত রাখুন
- দুই কাঁধে বহন করা যায় এমন ব্যাগ ব্যবহার করুন
- চওড়া ও প্যাডযুক্ত ফিতার ব্যাগ বেছে নিন
- অপ্রয়োজনীয় বই-খাতা বহন করা বন্ধ করুন
- দীর্ঘমেয়াদি ব্যথা বা শরীরের অবশ ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
শিশু-কিশোরদের সুন্দর শারীরিক গঠনের জন্য ব্যাগের ওজনের দিকে নজর দেওয়া প্রত্যেক অভিভাবকের দায়িত্ব।
লেখক : এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ।



