স্বাস্থ্য টিপস
গোসলের পর কেন চোখ লাল হয়

গ্রাফিকস: আগামীর সময়
গোসলের পর অনেকের চোখ হঠাৎ লাল হয়ে যায়। সাধারণত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে এটি স্বাভাবিক হয়, তবে এর পেছনে থাকতে পারে বেশ কিছু কারণ। যেমন—
পানির উপাদান: ট্যাপের পানিতে থাকা ক্লোরিন কিংবা অতিরিক্ত খনিজ উপাদান চোখের পাতলা পর্দায় জ্বালাপোড়া তৈরি করতে পারে।
সাবান বা শ্যাম্পু: গোসলের সময় ব্যবহৃত সাবান, শ্যাম্পু বা কন্ডিশনারের রাসায়নিক উপাদান চোখে গেলে লালচে ভাব হয়।
অন্যান্য কারণ: গরম পানির ভাপ, চোখের অ্যালার্জি, শুষ্ক চোখ, কন্টাক্ট লেন্স পরে থাকা বা কোনো ইনফেকশনের জন্যও চোখ লাল হতে পারে।
প্রতিকার ও সচেতনতা
- গোসলে অতিরিক্ত গরম পানি এড়িয়ে কুসুম গরম পানি ব্যবহার করুন
- সালফেট ও প্যারাবেনমুক্ত প্রসাধনী বেছে নিন
- গোসলের আগে কন্টাক্ট লেন্স খুলে ফেলুন
- বাথরুমে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন
- গোসলের পর পরিষ্কার পানি দিয়ে চোখ আলতো করে ধুয়ে নিন এবং অস্বস্তি হলে ঠান্ডা পানির সেঁক দিতে পারেন
- লুব্রিকেটিং বা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করা যেতে পারে
- কোনোভাবেই চোখে ঘষাঘষি করবেন না
কখন সতর্ক হতে হবে?
যদি চোখের লালচে ভাব দুদিনের বেশি স্থায়ী হয়, তীব্র ব্যথা, দৃষ্টি ঝাপসা, চোখে চুলকানি বা জ্বালাপোড়া, আলোতে সমস্যা, তীব্র মাথাব্যথা হয়, তবে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
লেখক : মেডিকেল অফিসার বাংলাদেশ আই হসপিটাল, ধানমন্ডি।



