ডানডাকে ‘সাহিত্য সভা’

কবিতার পঙ্ক্তি, গানের সুর কিংবা আবৃত্তির মগ্নতায় দূরদেশের মাটিতেও জেগে উঠল বাংলার চেনা ঘ্রাণ। এমনই এক আবেশময় বিকাল-সন্ধ্যার সাক্ষী হলো আয়ারল্যান্ডের ডানডাক শহর। ৯ আগস্ট আয়ারল্যান্ডের সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত আয়োজন ‘সাহিত্য সভা’। ড. আরমান রহমানের পরিচালনায় প্রায় চার ঘণ্টার এই আয়োজন যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলা সাহিত্য-সংস্কৃতির আসর। মনে হচ্ছিল, দূর আয়ারল্যান্ডে থেকেও সবাই যেন ফিরে এসেছেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির চেনা উঠোনে।
অনুষ্ঠানের মূল আলোচনায় উঠে আসে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবি মাইকেল মধুসূদন দত্ত। আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জনের বেশি কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী এতে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল শিশুদের অংশগ্রহণ। তাদের গান ও কবিতা পাঠে আয়োজনটি পায় ভিন্ন মাত্রা। ডানডাকের এই ‘সাহিত্য সভা’ শেষ হয়েছে ঠিকই, কিন্তু রেখে গেছে আরও অনেক আয়োজনের সম্ভাবনা। প্রবাসের জীবনে যেখানে প্রতিদিনের ব্যস্ততা মানুষকে শিকড় থেকে দূরে সরিয়ে নেয়, সেখানে কবিতা, গান ও সাহিত্যের এমন আসর মানুষকে আবারও নিজের ভাষা ও সংস্কৃতির কাছে ফিরিয়ে আনে।





