ডাবলিনে আবাইয়ের অভিষেক, গানে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা

শিল্পী বেবী নাজনীনের সঙ্গে মঞ্চে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (আবাই)-এর অভিষেক অনুষ্ঠান। নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়।
ডাবলিনের সাইন্টোলজি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় প্রবাসের মাটিতে বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড সরকারের বিচার, স্বরাষ্ট্র ও অভিবাসন প্রতিমন্ত্রী ক্যাথরিন আর্ডা এবং সিনেটর লরেন ক্লিফোর্ড-লি। বাংলাদেশে আইরিশ দূতাবাস স্থাপনসহ আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আসা তিন শিল্পীর পরিবেশনায় মুখর হয়ে ওঠে সাইন্টোলজি সেন্টারের মঞ্চ। তাদের সঙ্গে ছিলেন লন্ডন থেকে আসা যন্ত্রশিল্পীরা।
শুরুতেই মঞ্চে ওঠেন লোকসংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি। তার পরিবেশনায় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। গানের সঙ্গে কণ্ঠ মেলানোর পাশাপাশি হাততালি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এরপর মঞ্চে আসেন শিল্পী প্রতীক হাসান। নিজের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। তার পরিবেশনার সময় অনেকের মধ্যেই জেগে ওঠে তার প্রয়াত বাবা ও প্রখ্যাত সংগীতশিল্পী খালিদ হাসানের স্মৃতি। দর্শকদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার পরিবেশনা হয়ে ওঠে অন্যতম আকর্ষণ।
সবশেষে মঞ্চে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত বেবী নাজনীন। তার পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা। প্রেম, বিরহ ও শেকড়ের টানমিশ্রিত গানে ডাবলিনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেকেই গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শিল্পীর পরিবেশনা উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র্যাফেল ড্র। প্রাইজমানির পাশাপাশি ঢাকা-ডাবলিন, ডাবলিন-প্যারিসসহ বিভিন্ন রুটের বিমান টিকিট ছিল পুরস্কারের তালিকায়।
র্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবাইয়ের সহ-সভাপতি এম এ জলিল, সহ-সভাপতি আজিজুর রহমান মাসুদ, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা। বিজয়ীদের উচ্ছ্বাস ও উপস্থিত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় আবাইয়ের অভিষেক অনুষ্ঠান।







