আজ আর নেই
কংক্রিটের বাঁকে ৪০০ বছরের ঢাকা

পল্লবীর সাগুফতা মোড়ে ঢাকার ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা ‘শতবর্ষের ঢাকা’। ছবিটি ২০১৭ সালের নভেম্বরে তোলা
রাজধানীর পল্লবীর শহীদবাগের সাগুফতা মোড়ে দাঁড়ালে চোখে পড়বে মূল সড়কে সাঁইসাঁই শব্দে গাড়ি ছুটছে, চারপাশে উঠছে নতুন অট্টালিকা। দ্রুত বদলে যাওয়ার চিহ্ন রেখে যাওয়া এই শহরের এই মোড়ে একসময় দাঁড়িয়ে ছিল এমন এক ভাস্কর্য, যার গায়ে খোদাই করা ছিল পুরো ঢাকার আত্মজীবনী।
‘শতবর্ষের ঢাকা’ নামে ২০১২ সালে ভাস্কর নৃপাল খান নির্মাণ করেন এই চমৎকার ভাস্কর্য। চওড়া, বাঁকানো কংক্রিটের দেয়ালটি দেখতে ছিল বাতাসে মেলে ধরা পুরনো পুঁথির পাতার মতো। সেই পাতায় খোদাই করা ছিল ঢাকার ইতিহাস। লালবাগ কেল্লা আর আহসান মঞ্জিলে মোগল ও নবাবি আমল, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার লড়াই, স্মৃতিসৌধ ও সংসদ ভবনে স্বাধীন দেশের পরিচয়। পাশাপাশি ছিল শহরের চলার গল্প, টমটম থেকে শুরু করে নানা যুগের যানবাহন। ১৬১০ সালে মোগল রাজধানী হিসেবে যাত্রা শুরু করা নগরীর ৪০০ বছরের পথচলা ধরা পড়েছিল একটি দেয়ালেই।
তবে ভাস্কর্যটি সমালোচনার বাইরে ছিল না। সমালোচকদের মতে, এখানে ঢাকার ইতিহাসকে উপমহাদেশের বৃহত্তর প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখানো হয়েছে। ঔপনিবেশিকতাবিরোধী সংগ্রাম বা দেশভাগের মতো অধ্যায় সেখানে প্রায় অনুপস্থিত।
আজ সেই মোড়ে ভাস্কর্যটি আর নেই। শহরের স্মৃতি ধরে রাখতে যে শিল্পকর্ম গড়া হয়েছিল, সেটিই এখন হারিয়ে যাওয়া এক স্মৃতি। এই পথে চলতে গিয়ে আপনিও কি দেখেছেন এই স্মৃতি হয়ে যাওয়া অনন্য এই ভাস্কর্যটি?



