অন্যের বিয়ের আয়োজনে নিজের ক্যারিয়ার

ছবি: রেমিনিসেন্স ও স্ন্যাপশটের সৌজন্যে
বিয়েতে পোশাক থেকে মঞ্চসজ্জা, খাবার থেকে আলোকসজ্জা— সবকিছু নিখুঁতভাবে সাজাতে প্রয়োজন সময়, দক্ষতা ও সমন্বয়ের। এসব দায়িত্ব পেশাদারদের হাতে তুলে দেওয়ার প্রবণতা বাড়ছে। ফলে ওয়েডিং প্ল্যানিং হয়ে উঠছে সম্ভাবনাময় পেশা। লিখেছেন সাদিয়া আফরিন অমিন্তা
ওয়েডিং প্ল্যানারের দায়িত্ব শুধু ফুল, আলো কিংবা মঞ্চসজ্জায় সীমাবদ্ধ নয়; বর-কনের পছন্দ, পরিকল্পনা ও স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া তার মূল দায়িত্ব। এজন্য আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কাজের সমন্বয় করতে হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ছায়াছবি’র ফটোগ্রাফার ও ওয়েডিং প্ল্যানার সৈয়দ জাহিদুল হাসান নিশান জানালেন, একজন ওয়েডিং প্ল্যানারকে প্রথমেই ক্লায়েন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করে তাদের পছন্দ, চাহিদা ও বাজেট সম্পর্কে ধারণা নিতে হয়। এরপর সে অনুযায়ী সম্ভাব্য খরচের হিসাব তৈরি, উপযুক্ত ভেন্যু নির্বাচন ও বুকিংয়ের ব্যবস্থা করতে হয়। আয়োজনের ধরন অনুযায়ী মঞ্চসজ্জা, আলোকসজ্জা, থিম নির্ধারণ, খাবার ও ক্যাটারিংয়ের ব্যবস্থাও নিশ্চিত করা তার দায়িত্ব। পাশাপাশি ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, মেকআপ আর্টিস্টসহ বিভিন্ন সেবাদাতার সঙ্গে সমন্বয় করতে হয়। অনুষ্ঠানের দিন নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব কাজ ঠিকঠাক চলছে কি না, তা তদারক করার গুরুদায়িত্ব প্ল্যানারই সামলান। এ ছাড়া অতিথি ব্যবস্থাপনা এবং শেষ মুহূর্তে কোনো সমস্যা তৈরি হলে তা দ্রুত সমাধানের প্রস্তুতি রাখতে হয়। বিদ্যুৎ বিভ্রাট, সাজসজ্জায় ত্রুটি কিংবা কোনো সেবাদাতার অনুপস্থিতির মতো পরিস্থিতি সামাল দিতে বিকল্প পরিকল্পনা থাকা জরুরি। তাই সৃজনশীলতার পাশাপাশি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও ওয়েডিং প্ল্যানারের জন্য গুরুত্বপূর্ণ।
দক্ষতা ও যোগ্যতা: ওয়েডিং প্ল্যানার হতে নির্দিষ্ট কোনো বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাধ্যবাধকতা নেই। তবে হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং কিংবা চারুকলা বিষয়ে পড়াশোনা থাকলে সুবিধা পাওয়া যায়। এসব বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান আয়োজন পরিকল্পনা, গ্রাহক ব্যবস্থাপনা ও নকশা তৈরিতে সহায়ক হতে পারে। নিশানের মতে, সফল ওয়েডিং প্ল্যানার হতে সৃজনশীল চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা জরুরি। পাশাপাশি বাজেট তৈরি, সেবাদাতাদের সঙ্গে দরকষাকষি এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হয়। ক্লায়েন্টের চাহিদা বুঝে সে অনুযায়ী পরিকল্পনা তৈরি করাও এ পেশার গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ডিজিটাল যোগাযোগ ও প্রচারের জন্য কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা এবং ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা বাড়তি সুবিধা দিতে পারে। নকশা ও উপস্থাপনার কাজের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর ও পাওয়ারপয়েন্টের মতো সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকাও উপকারী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্যস্ততা ও চাপের মধ্যে ঠান্ডা মাথায় কাজ করা এবং যেকোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা।
সৃজনশীলতার পাশাপাশি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও ওয়েডিং প্ল্যানারের জন্য গুরুত্বপূর্ণ
প্রবেশ পথ: নতুনদের জন্য ওয়েডিং প্ল্যানিংয়ে কাজ শুরু করার কয়েকটি বাস্তবসম্মত পথ রয়েছে। সৈয়দ জাহিদুল হাসান নিশান জানালেন, আগ্রহীরা প্রথমে দেশের বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে সহকারী বা শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারেন। এতে আয়োজনের পরিকল্পনা, বাজেট তৈরি, সেবাদাতাদের সঙ্গে যোগাযোগ এবং অনুষ্ঠান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। বড় প্রতিষ্ঠানে কাজের সুযোগ না পেলেও পরিচিতজনের ছোট পারিবারিক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। এসব কাজের ছবি, ভিডিও আর পরিকল্পনার নমুনা সংরক্ষণ করে একটি পোর্টফোলিও তৈরি করা যায়। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে নিজের কাজের ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে পৌঁছানো সম্ভব। পাশাপাশি একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ অনলাইন পোর্টফোলিও তৈরি করলে কাজের ধরন, সৃজনশীলতা ও অভিজ্ঞতা সহজে তুলে ধরা যায়।
শুরুতে একা কাজ করলেও ধীরে ধীরে ফটোগ্রাফার, ডেকোরেটর, মেকআপ আর্টিস্ট ও ক্যাটারিং প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগত সম্পর্ক তৈরি করা প্রয়োজন। কারণ, ওয়েডিং প্ল্যানিং মূলত সমন্বয়নির্ভর কাজ। একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক পরবর্তী সময়ে কাজ পাওয়ার পাশাপাশি আয়োজন পরিচালনাও সহজ করে।
আয়, বিনিয়োগ ও ব্যবসার সুযোগ: ওয়েডিং প্ল্যানিংয়ে আয়ের সুযোগ থাকলেও প্ল্যানারের পারিশ্রমিক এবং পুরো বিয়ের আয়োজনের বাজেট এক বিষয় নয়। কাজের ধরন, আয়োজনের পরিধি, ক্লায়েন্টের চাহিদা ও দায়িত্বের ওপর নির্ভর করে প্ল্যানারের পারিশ্রমিক নির্ধারিত হয়। নিশান জানালেন, ওয়েডিং প্ল্যানাররা সাধারণত তিনভাবে পারিশ্রমিক নেন। প্রথমত, নির্দিষ্ট সেবার জন্য নির্ধারিত ফি। দ্বিতীয়ত, পুরো আয়োজনের বাজেটের একটি নির্দিষ্ট শতাংশ। তৃতীয়ত, সাজসজ্জা ও অন্যান্য সেবা মিলিয়ে নির্ধারিত প্যাকেজের মাধ্যমে চুক্তি। নতুন ওয়েডিং প্ল্যানার বা সহকারী শুরুতে মাসে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের ধরন, কাজের সংখ্যা ও দায়িত্বের পরিধি অনুযায়ী আয়ের পরিমাণে পার্থক্য হতে পারে।
নিজস্ব ওয়েডিং প্ল্যানিং প্রতিষ্ঠান শুরু করতে বড় অফিস কিংবা সব ধরনের সাজসজ্জার সরঞ্জাম কেনা বাধ্যতামূলক নয়। ছোট পরিসরে বাসা থেকে কাজ শুরু করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা যেতে পারে। এতে প্রাথমিক বিনিয়োগের চাপ কমানো সম্ভব। তবে কাজের পরিধি বাড়লে দক্ষ কর্মী ও নির্ভরযোগ্য সহযোগীদের নিয়ে দল গঠন করা জরুরি।
চ্যালেঞ্জ ও ঝুঁকি: ক্লায়েন্টের প্রত্যাশা পূরণ, নির্ধারিত বাজেটের মধ্যে আয়োজন এবং সময়মতো সব কাজ শেষ করা এ পেশার অন্যতম কঠিন দিক। ওয়েডিং প্ল্যানার ও ইভেন্ট ডিরেক্টর তানিয়া ইসলাম জানালেন, নতুনদের অন্যতম বড় ভুল হলো শুরুতেই সম্ভাব্য সব খরচের হিসাব না রাখা। শুধু মূল বাজেট ধরে পরিকল্পনা করলে শেষ মুহূর্তের অতিরিক্ত খরচ সামলানো কঠিন। তাই শুরু থেকেই সম্ভাব্য ব্যয়ের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আলাদা অর্থ রাখার পরিকল্পনা করা উচিত।




