অভিজ্ঞতার আলো
বিকল্প পরিকল্পনার গুরুত্ব বেশি

ভালো ওয়েডিং প্ল্যানার হতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিকল্প পরিকল্পনা। দেশ ও বাজারের অবস্থা কিংবা অনুষ্ঠানস্থলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। অনেক সময় ক্লায়েন্ট আগে যে নকশা পছন্দ করেন, অনুষ্ঠানস্থলে সেটি দেখার পর আর ভালো নাও লাগতে পারে। তখন দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হয়। তাই একাধিক পরিকল্পনা প্রস্তুত রাখা উচিত।
ভেন্ডরদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাও জরুরি। অনেক সময় এই পেশাগত সম্পর্কের কারণে কাজের ক্ষেত্রে বাড়তি সহযোগিতা পাওয়া যায়। পাশাপাশি বাজারদর সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। কোন উপকরণের দাম কত, কোথায় তুলনামূলক কম খরচে মানসম্মত পণ্য পাওয়া যায়— এসব বিষয়ে অভিজ্ঞতা না থাকলে বাজেটের চেয়ে বেশি খরচ হয়ে যেতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দল গঠন। একজনের পক্ষে পুরো আয়োজন সামলানো কঠিন। একটি সফল অনুষ্ঠান পরিচালনার জন্য দক্ষ ও দায়িত্বশীল দল প্রয়োজন। নিজের নকশা তৈরির দক্ষতা থাকার পাশাপাশি ফটোশপ ও ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। এতে সাজসজ্জার নকশা তৈরি ও উপস্থাপনার কাজ সহজ হয়। ক্লায়েন্টের কাছে পরিকল্পনা তুলে ধরতে পাওয়ারপয়েন্টে ভালো উপস্থাপনা তৈরির দক্ষতাও কাজে আসে।



