এআইইউবির ৫ প্রযুক্তি

ছবি: আগামীর সময়
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ ‘ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ড’জয়ী শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটি ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)’। মেলায় তারা ১৬টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। যেগুলোর অন্যতম নিউরো অ্যাসিস্ট, বায়ো-এজ, এআইচালিত কেবল রোবট, স্মার্ট পোলট্রি ও সৌরচালিত ইনকিউবেটর, দুর্যোগ মোকাবিলা ও স্বয়ংক্রিয় ডেলিভারি ব্যবস্থা।
অচলদের দৈনন্দিন কাজ করবে নিউরো অ্যাসিস্ট
পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে এটি। এতে ইইজি সিগন্যাল, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে মস্তিষ্কের সংকেতকে ডিজিটাল কমান্ডে রূপান্তর করা হয়েছে। এই প্রটোটাইপে রয়েছে মানসিক চাপ পর্যবেক্ষণ ও ঘুম বিশ্লেষণের সুবিধা। ভবিষ্যতে স্মার্ট-হোম ডিভাইস, যোগাযোগমাধ্যম ও হুইলচেয়ার নিয়ন্ত্রণের মতো সহায়ক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যের খোঁজখবর জানাবে বায়ো-এজ
স্বল্প খরচে, সহজলভ্য স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে বায়ো-এজ। ইএসপি৩২ মাইক্রোকন্ট্রোলার এবং বিভিন্ন শারীরবৃত্তীয় সেন্সর ব্যবহার করে এটি একই সঙ্গে ইসিজি, হৃৎস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা এবং শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করতে পারে। প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই ইসিজি সংকেতের প্রকৃত অবস্থা সম্পর্কে প্রাথমিক বিশ্লেষণ দিতে এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে শূন্য থেকে ১০০-এর মধ্যে সামগ্রিক স্বাস্থ্য স্কোর প্রদর্শন করতে এটি সক্ষম।
পরীক্ষার্থীদের জন্য এআইচালিত কেবল রোবট
রোবটটি স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা গ্রহণ, আচরণ পর্যবেক্ষণ এবং পাশে বা পেছনে তাকানো, মোবাইল ফোন ব্যবহারের মতো সন্দেহজনক আচরণের নির্দিষ্ট কিছু লক্ষণ শনাক্ত করে শিক্ষককে সতর্ক করতে পারে। ভবিষ্যতে স্মার্ট ক্যাম্পাস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইনডোর পর্যবেক্ষণে এটি ব্যবহারের সুযোগ রয়েছে।
খামারিদের জন্য দুর্যোগ মোকাবিলা ও স্বয়ংক্রিয় ডেলিভারি ব্যবস্থা
বন্যাদুর্গত ও প্রত্যন্ত এলাকায় শুকনো জ্বালানির সংকট এবং নিরাপদ রান্নার সুবিধার অভাব মোকাবিলায় তৈরি করা হয়েছে স্বল্পমূল্যের ‘সৌরবিদ্যুৎভিত্তিক রান্নার প্রযুক্তি’। আরও তৈরি করা হয়েছে জরুরি ওষুধপত্র, চিকিৎসাসামগ্রী বা ত্রাণ দ্রুত নির্দিষ্ট স্থানে পৌঁছাতে জিপিএস, লাইডার এবং স্বয়ংক্রিয় পে-লোড রিলিজসমৃদ্ধ ‘স্বয়ংক্রিয় ডেলিভারি ড্রোন’। এটি দুর্যোগকালীন মুহূর্তে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
স্মার্ট পোলট্রি ও সৌরচালিত ইনকিউবেটর
দেশের প্রান্তিক খামারিদের জন্য অত্যন্ত সাশ্রয়ী ও নির্ভরযোগ্য সমাধান ‘সৌরচালিত স্মার্ট ডিম ফুটানোর ইনকিউবেটর’। এটি সৌরবিদ্যুতে চলে। স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে এবং আইওটির সাহায্যে খামারিকে দূর থেকেই রিয়েল টাইম তথ্য দিতে সক্ষম। এ ছাড়াও আছে সৌরবিদ্যুৎ ও মেশিন লার্নিংসমৃদ্ধ হাইব্রিড চার্জিং সিস্টেমের ‘স্মার্ট জ্বালানি ব্যবস্থাপনা’, জমিতে ‘স্মার্ট সেচ ব্যবস্থা’ এবং পণ্য সংরক্ষণ, সরবরাহ ও ব্যবস্থাপনায় পারদর্শী ‘স্বয়ংক্রিয় শেলফ-ক্লাইম্বিং ওয়্যারহাউস রোবট’। স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে নিজস্ব নকশায় আরও তৈরি করা হয়েছে ‘হস্তচালিত জেনারেটর’, যেটি স্বল্প পরিসরে জরুরি বিদ্যুৎ উৎপাদন করে।



