ইন্টারন্যাশনাল ট্রেন্ড
বোহো রিভাইভাল

গ্রাফিকস: আগামীর সময়
বাঁধাধরা নিয়ম ছেড়ে নিজের মতো করে তৈরি পোশাকের উদাহরণ যেন বোহো। আছে স্টাইল, স্বাচ্ছন্দ্য আর জীবনের ছন্দ। লিখেছেন প্রিয়াঞ্জলি রুহি
ফুলেল পোশাক, ঢিলেঢালা সিলুয়েট, লেস, ক্রোশে, ঝালর, পুঁতির গয়না আর মাটির রঙের মায়ায় যে বোহেমিয়ান আবহ তৈরি হয়, তা আবারও জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক ফ্যাশনে। তবে এবারের ফিরে আসা আগের মতো নয়। পুরনো বোহেমিয়ান সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক কাট, স্টাইলিং ও শহুরে জীবনযাপনের অনুষঙ্গ। ফ্যাশনের ভাষায় এ ফিরে আসাকেই বলা হচ্ছে বোহো রিভাইভাল। বোহো বা বোহেমিয়ান ফ্যাশন শুধু পোশাকের ধরন নয়; এটি একধরনের জীবনবোধের প্রকাশ। বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে নিজের মতো করে সাজতে চাওয়ার প্রবণতা থেকেই এ ধারার উদ্ভব। এখানে নিখুঁতভাবে মেপে নেওয়া কাটের চেয়ে স্বচ্ছন্দ ভঙ্গি গুরুত্বপূর্ণ। পোশাকের চাকচিক্যের চেয়ে বেশি আকর্ষণীয় তার বুনন, রঙ ও নকশার বৈচিত্র্য। পোশাকের ভাঁজে ভাঁজে যেন মিশে থাকে প্রকৃতি, শিল্প, ভ্রমণ আর মুক্ত জীবনের গল্প।
ফিরে আসার গল্প: বোহো ফ্যাশনের শিকড় উনিশ শতকের ইউরোপীয় বোহেমিয়ান জীবনধারায়। শিল্পী, লেখক, সংগীতশিল্পী ও মুক্তচিন্তার মানুষের পোশাক-আশাকে ছিল এর প্রাথমিক অনুপ্রেরণা। প্রচলিত সামাজিক রীতিনীতি ও পোশাকের আনুষ্ঠানিকতা থেকে দূরে থাকার আকাঙ্ক্ষা এ ধারাকে স্বতন্ত্র করে তোলে। গত ষাট ও সত্তরের দশকে হিপি আন্দোলন, লোকজ সংস্কৃতি, সংগীত উৎসব এবং প্রকৃতিঘনিষ্ঠ জীবনযাপনের প্রভাবে বোহো ফ্যাশন আন্তর্জাতিক পরিচিতি পায়। জেন বার্কিন ও স্টিভি নিকসের মতো শিল্পীদের ব্যক্তিগত স্টাইল এ ধারাকে জনপ্রিয় করে তোলে। নব্বইয়ের দশকের শেষভাগ ও চলতি শতকের প্রথম দশকে বোহো আবার আলোচনায় আসে। কেট মস ও সিয়েনা মিলারের সাজে দেখা যায় বোহো চিকের পরিচিত রূপ— ফ্লোই স্কার্ট, এমব্রয়ডারি করা টপ, চামড়ার বুট, ঝুলন্ত গয়না ও বড় ব্যাগ। এরপর মিনিমালিজম ও বিলাসিতার দাপটে এ ধারা কিছুটা আড়ালে চলে যায়। সম্প্রতি এটির প্রত্যাবর্তন ঘটেছে বোহো রিভাইভালের মধ্য দিয়ে। বোহেমিয়ান পোশাকের সঙ্গে কখনো দেখা যাচ্ছে জ্যাকেট, কখনো আধুনিক ট্রাউজার, আবার কখনো মিনিমাল অনুষঙ্গ।
পোশাকে প্রকৃতির ছোঁয়া: বোহো পোশাকের অন্যতম বৈশিষ্ট্য তার স্বচ্ছন্দ গড়ন। শরীরের সঙ্গে এঁটে থাকা পোশাকের বদলে ঢিলেঢালা, চলনসই সিলুয়েট এখানে বেশি প্রাধান্য পায়। লম্বা ম্যাক্সি ড্রেস, টায়ার্ড স্কার্ট, পাফ স্লিভের ব্লাউজ, পিজেন্ট টপ, কিমোনো কাটের জ্যাকেট, ওয়াইড লেগ প্যান্ট কিংবা ফ্লেয়ার ট্রাউজার— সবই এ পোশাকের পরিচিত অনুষঙ্গ। কখনো পোশাকের হাতায় জমকালো ভলিউম, কখনো কোমরে হালকা গ্যাদার, আবার কখনো একাধিক স্তরের কাপড়ে তৈরি হয় এর স্বতন্ত্র সৌন্দর্য। কাপড় নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে বিশেষত্ব। সুতি, লিনেন, শিফন, জর্জেট, ক্রেপ, সিল্ক, ক্রোশে ও লেসের ব্যবহার দেখা যায়। হালকা, বাতাস চলাচল করতে পারে এমন কাপড় বোহো পোশাককে দেয় স্বাচ্ছন্দ্য।
তাঁত, জামদানি, সূচিশিল্প ও কাঁথার কাজ দিয়েও তৈরি হতে পারে বোহো ঘরানার পোশক
রঙে মাটির মায়া: বোহো ফ্যাশনের রঙের জগৎ অনেকটাই প্রকৃতিনির্ভর। মাটির বাদামি, পোড়া কমলা, অলিভ, মাস্টার্ড, মরিচা, বেইজ, ক্রিম, অফহোয়াইট ও ধূসর সবুজ এ ধারার পরিচিত রঙ। কখনো গাঢ় বারগান্ডি, নীল কিংবা ফিরোজা রঙের উপস্থিতিও দেখা যায়। রঙের এ বৈচিত্র্য পোশাককে দেয় কিছুটা পুরনো দিনের আবহ। বোহো রিভাইভালের নতুন রূপে অফহোয়াইট, আইভরি ও নরম সাদার উপস্থিতিও উল্লেখযোগ্য। এ ছাড়া ফুলেল নকশা বোহো ফ্যাশনের চিরচেনা অনুষঙ্গ। ছোট ছোট ফুল, বড় বুনো ফুলের ছাপ, লতাপাতা, পেইসলি, জ্যামিতিক নকশা ও লোকজ মোটিফের ব্যবহার এ পোশাকে যোগ করে আলাদা মাত্রা ।
স্তরে স্তরে সাজের খেলা: বোহো ফ্যাশনের আরেকটি আকর্ষণীয় দিক লেয়ারিং। একটি পোশাকের ওপর আরেকটি পোশাক কিংবা একাধিক অনুষঙ্গ যোগ করে তৈরি করা হয় স্বতন্ত্র স্টাইল। যেমন লেসের টপের ওপর হালকা জ্যাকেট, ম্যাক্সি ড্রেসের সঙ্গে কিমোনো, ঢিলেঢালা শার্টের সঙ্গে ওয়েস্টকোট কিংবা লম্বা স্কার্টের সঙ্গে ছোট কার্ডিগান। তবে লেয়ারিংয়ের ক্ষেত্রে কাপড়ের ওজন, দৈর্ঘ্য ও রঙের ভারসাম্য জরুরি।
আমাদের আবহাওয়ায় বোহো: বাংলাদেশের আবহাওয়া ও জীবনযাপনের সঙ্গে মিলিয়ে বোহো ফ্যাশনকে সহজেই গ্রহণ করা সম্ভব। বিশেষ করে সুতি, লিনেন, খাদি, দেশীয় তাঁত, জামদানি, হ্যান্ডলুমের কাপড়, হাতে করা সূচিশিল্প ও কাঁথার কাজ দিয়েও তৈরি হতে পারে বোহো ঘরানার পোশাক।
ছবি: ইন্টারনেট



