খেয়াল রাখুন

গ্রাফিকস: আগামীর সময়
শীতের ভ্রমণের আনন্দ উপভোগ করতে প্রয়োজন কিছু বাড়তি প্রস্তুতি। গন্তব্য নির্বাচন থেকে শুরু করে ব্যাগ গোছানো, পোশাক, নিরাপত্তা ও ত্বকের যত্ন— সবকিছুতেই রাখতে হবে সতর্ক দৃষ্টি। লিখেছেন অলকানন্দা রায়
যাত্রাপথে সতর্কতা
শীতকালে কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যায়, তাই ভোর ও রাতে যাতায়াতের সময় বাড়তি সতর্ক থাকুন। যাত্রার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। পাহাড়ি পথে নির্ধারিত পথ অনুসরণ করুন এবং ঝুঁকিপূর্ণ জায়গায় ছবি তুলতে গিয়ে অসতর্ক হবেন না। পরিচিত ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবহারের পাশাপাশি জরুরি যোগাযোগের নম্বর ও হোটেলের ঠিকানা সংরক্ষণে রাখুন।
খাবার ও স্বাস্থ্যের যত্ন
শীতে তৃষ্ণা কম পেলেও পর্যাপ্ত পানি পান করুন। খাবারের পরিচ্ছন্নতা নিশ্চিত করুন এবং অপরিচ্ছন্ন উৎসের পানি এড়িয়ে চলুন। সঙ্গে হালকা শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখতে ভুলবেন না। দীর্ঘ সময় গাড়িতে বসে থাকলে বিরতি নিয়ে একটু হাঁটাহাঁটি করুন। শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগছে কি না, খেয়াল রাখুন।
ভ্রমণে রূপচর্চা
শীতের শুষ্ক বাতাসে ত্বকের আর্দ্রতা দ্রুত কমে যেতে পারে, তাই ভ্রমণের ব্যাগে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ও লিপবাম রাখতে ভুলবেন না। বাইরে যাওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। দীর্ঘ সময় বাইরে থাকলে দুই ঘণ্টা পর মুখ পরিষ্কার করে ফের সানস্ক্রিন ব্যবহার করুন। মুখ পরিষ্কার করতে মৃদু ফেসওয়াশ ব্যবহার করুন এবং মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার লাগান।
চুলের যত্ন
শীতের শুষ্ক বাতাসে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যেতে পারে, তাই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। চুলের ডগা শুষ্ক হলে অল্প হেয়ার সিরাম লাগাতে পারেন। ভেজা চুলে জোরে চিরুনি চালাবেন না।
পাহাড়ি কিংবা সমুদ্র এলাকায় বাতাস বেশি থাকলে চুল বেঁধে রাখলে সুবিধা পাবেন।
মেকআপ
ভ্রমণের সময় ভারী মেকআপের বদলে হালকা ও স্বাভাবিক সাজ বেছে নিন। ময়েশ্চারাইজার ও সানস্ক্রিনের পর হালকা বেস, সামান্য ব্লাশ, কাজল ও লিপ কালারেই সাজ সম্পূর্ণ করতে পারেন। ভ্রমণের ব্যাগে প্রয়োজনীয় কয়েকটি প্রসাধনী রাখুন। তবে নতুন কোনো প্রসাধনী ভ্রমণের সময় প্রথমবার ব্যবহার না করাই ভালো। এতে অ্যালার্জি বা ত্বকের অস্বস্তির ঝুঁকি এড়ানো যায়।
ব্যাগ নির্বাচন
বিমান, দীর্ঘ সড়কপথ কিংবা পাহাড়ি পথে ট্রেকিং— ভ্রমণের ধরন অনুযায়ী ব্যাগ বেছে নেওয়া জরুরি। শহর ঘুরতে ছোট ব্যাকপ্যাক, স্বল্প সফরে ক্যাবিন ট্রলি এবং দীর্ঘ যাত্রায় বড় স্যুটকেস মানানসই। পোশাক, প্রসাধনী, ওষুধ, চার্জার, পাওয়ার ব্যাংক, টাকা ও পরিচয়পত্র আলাদা পাউচে রাখলে ব্যাগ গোছানো থাকে; ভেজা কাপড় বা জুতার জন্য আলাদা ওয়াটারপ্রুফ ব্যাগ রাখুন।
পোশাকে স্বাচ্ছন্দ্য
যাত্রায় আরাম সবার আগে। হাঁটাচলা ও আবহাওয়ার পরিবর্তনে মানিয়ে নিতে ঢিলেঢালা ও মানানসই পোশাক নিন— যেমন ট্রাউজার, জিনস, টি-শার্ট, শার্ট, কটন টপ বা লং ড্রেস। শীতের ভ্রমণে আবহাওয়া ও মেয়াদ অনুযায়ী গোছান। একটি ভারী পোশাকের বদলে লেয়ারিং বা কয়েক স্তরের পোশাক (সোয়েটার, জ্যাকেট, কার্ডিগান, উইন্ডচিটার) নিলে ঠান্ডা বুঝে স্তর কমানো-বাড়ানো সহজ হয়।
অনুষঙ্গ ও শেষ মুহূর্তের টিপস
হাঁটাহাঁটির জন্য নতুন জুতার বদলে আগে ব্যবহৃত আরামদায়ক স্নিকার্স বা জুতা পরুন; সঙ্গে স্লিপার, সানগ্লাস ও ক্যাপ রাখুন। বাড়তি গয়না বা অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে মানানসই অনুষঙ্গ নিন। বের হওয়ার আগে চেকলিস্ট তৈরি করুন। টিকিট, ফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, টাকা, পরিচয়পত্র ও জরুরি ওষুধ (গ্যাস্ট্রিক, স্যালাইন, ব্যথানাশক) হাতের কাছে রাখুন।



