পাহাড়ের হাতছানি

বান্দরবানের রুমার কেওক্রাডংয়ের আশপাশের পাহাড় সারি। ছবি: মৌসুমী সিরাজ
শীতের পাহাড়ের আছে অন্য রকম আবেদন। দৃষ্টি মেললে আর কান পাতলে কত কিছু দেখা আর শোনা যায় হিম-কুয়াশা ঘেরা পাহাড়ে। পাহাড়ে ভ্রমণের গাইডলাইন দিয়েছেন বাবর আলী
চেনা পথের বাঁধন ছেড়ে
নানা কারণে অ্যাডভেঞ্চারাস ভ্রমণে আগ্রহীদের জন্য দেশের পাহাড়ে বেড়ানোর গণ্ডি দিন দিন ছোট হয়ে এলেও এখনো কিছু কিছু জায়গায় যাওয়া যায়। পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম কিংবা থানচি উপজেলা হয়ে পৌঁছানো যায় কিরস তং এবং রুংরাং পাহাড়ে। আলীকদম-থানচি সড়ক কিংবা আলীকদম থেকে নৌপথে দুসরি বাজার হয়ে পৌঁছাতে হয় ট্রেক শুরুর পয়েন্টে। এখান থেকে ঝিরি বেয়ে, পাহাড় ডিঙিয়ে, ট্রেকারদের গতিভেদে দেড়-দুদিনের মধ্যে পৌঁছানো যায় রুংরাং নামক চূড়ায়। এই পাহাড়ের নামকরণ করা হয়েছে পাহাড়ের রাজকীয় পাখি ধনেশের নামে। রুংরাংয়ের চূড়া ছুঁয়ে পরের গন্তব্য খেমচংপাড়া। ম্রোদের এই গ্রামকে বেস ক্যাম্প বানিয়ে অতি পুরনো বনের মধ্য দিয়ে পায়ে চলা মেঠোপথ ধরলে কয়েক ঘণ্টায় ছুঁয়ে আসা যায় কিরস তং নামের চূড়া। খেমচংপাড়াকে মূল শিবির হিসেবে ব্যবহার করে ঘুরে আসা যায় এই অঞ্চলের অন্যতম সুন্দর ঝরনা সাইংপ্রা থেকেও।
বান্দরবানের থানচি উপজেলা থেকে আড়াই-তিন ঘণ্টার রোমাঞ্চকর নৌকা ভ্রমণ শেষে ছোট্ট জনপদ রেমাক্রি। আঁকাবাঁকা রেমাক্রি খাল দিয়ে ঘণ্টাতিনেকের হাঁটাপথ ধরে পৌঁছে যাওয়া যায় নাফাখুম ঝরনায়। পথে সঙ্গী হয় রেমাক্রি খালের পাথুরে নীরবতাও। এই পথে সাঙ্গু নদীর তীরবর্তী তিন্দু-রেমাক্রি ইত্যাদি জনপদকে ঘাঁটি বানিয়ে আরও বেশ কিছু ঝরনায় ঘুরে আসা যায়।
রাঙামাটিতেও আছে অ্যাডভেঞ্চারাস ভ্রমণের সুযোগ। ফুরোমন পাহাড়ের ফুরফুরে হাওয়ায় মনপ্রাণ জুড়াতে চাইলে যেতে হবে সাপছড়ি ইউনিয়নে; রাঙামাটি শহরের অদূরেই এর অবস্থান। অবশ্য এই পাহাড়ের নাম বেশিরভাগ সমতলবাসীর কাছে কোনো এক অজানা কারণে ফুরোমন। এখান থেকে রাঙামাটি শহরের দারুণ ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়। একদিক দিয়ে আরোহণ করে অন্য পথ ধরে নামা যায় প্রায় ১৫০০ ফুট উচ্চতার এই পাহাড়ে।
স্থানীয়ভাবে তেরাং তৈকালাই নামে পরিচিত রিসাং ঝরনা খাগড়াছড়ি থেকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর ঘুটঘুটে অন্ধকারে মশাল হাতে রহস্যময় গুহা পেরোনোর রোমাঞ্চের স্বাদ নিতে চাইলে যেতে হবে রিসাং ঝরনার অদূরেই অবস্থিত আলুটিলা গুহাতে।
এ ছাড়া পাহাড়ের রোমাঞ্চ উপভোগ করা যায় চট্টগ্রামেও। পাহাড়ি পথে হাঁটার আনন্দ নিতে চাইলে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় দারুণ একটা গন্তব্য। সীতাকুণ্ড বাজার থেকে যাত্রা শুরু করে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান এই পাহাড় ছুঁয়ে ফের বাজারে ফেরত আসতে সময় লাগে তিন-চার ঘণ্টা। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অগ্নিকুণ্ড, ইকো পার্কের সুপ্তধারা, সহস্রধারা, ছোট দারোগাহাটের সহস্রধারা-২, মধুখাইয়া ট্রেইল, কমলদহ, মিরসরাইয়ের খইয়াছড়া, নাপিত্তাছড়া, মেলখুমের মতো ট্রেইলগুলোতে একটা বেলা নিমেষেই কাটিয়ে দেওয়া যায়। তবে এই শীতে পাহাড়ে যেখানেই ট্রেক করুন না কেন, শীতের কৃপণ বিকালগুলো বড্ড দ্রুত ফুরিয়ে যায় বলে সকালে তাড়াতাড়ি ট্রেক শুরু করাটাই শ্রেয়।
পরিবার নিয়ে ভ্রমণ
অ্যাডভেঞ্চারের বাইরে পরিবার নিয়ে আরামের ভ্রমণ করতে চাইলে সেই সুযোগও এখন আমাদের দেশের পাহাড়ে অবারিত। পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হতে পারে এক্ষেত্রে দারুণ অপশন। শীত সকালের কুয়াশায় কাপ্তাইয়ের লেককে মনে হয় অন্য কোনো একটা গ্রহ। পরিবার নিয়ে কাপ্তাইয়ের চেনা আবাসনগুলোর বাইরেও কাপ্তাই-আসামবস্তি সড়কে পরিবার নিয়ে থাকার মতো প্রচুর রিসোর্ট রয়েছে। এ ছাড়া মূল সড়ক থেকে অল্প কিছুক্ষণের বোট রাইডে পৌঁছানো যায় বেশ কিছু নির্জন দ্বীপে। থাকার জন্য অনেকেরই পছন্দ এই নির্জন দ্বীপগুলো।
আর সাজেক তো এমনিতেও পর্যটকদের প্রিয় গন্তব্য। রাঙামাটিতে পড়লেও যেতে হয় খাগড়াছড়ি দিয়ে।
বান্দরবানের আলীকদম উপজেলা থেকে ঘুরে আসা যায় ডিম পাহাড় থেকে। থানচির সঙ্গে আলীকদমকে যুক্ত করা এই পথের সৌন্দর্য অনির্বচনীয়। এই পথের একপাশে এগোলে আলীকদম উপজেলা, অন্যপাশে থানচি উপজেলা। থানচি অংশে দেখা মেলে পাহাড়ি নদী সাঙ্গুর; আর আলীকদম অংশের দখল মাতামুহুরী অববাহিকার। দুই নদীরই শুরু পার্বত্য অঞ্চলের নিভৃত গোপনপুরে। শীতের শুরুর এই সময়টায় নদীগুলো জলভারে স্ফীত না হওয়ায় পরিবার নিয়ে নৌকা ভ্রমণ করাটাও বেশ নিরাপদ। আলীকদমের ঠিক আগের উপজেলা লামাতে পাহাড়ের ওপর পরিবার নিয়ে ভ্রমণ ও থাকার মতো অনেক জায়গা আছে। তবে ‘ওভার ট্যুরিজম’-এর কারণে এসব আবাসনে সপ্তাহান্তে উপচেপড়া ভিড় থাকে। বান্দরবানের পুরনো পর্যটন গন্তব্য কেওক্রাডং, বগা লেক, মনীলাচল, নীলগিরি ইত্যাদি তো আছেই। নিজ পায়ে পাহাড় চড়ে গতরব্যথায় কাতর না হয়ে দূর থেকে পাহাড় দেখার জন্য এই জায়গাগুলোর আবেদন এখনো কমেনি পর্যটকদের কাছে।
পার্বত্য অঞ্চল বাদে পাহাড় আর অরণ্য একসঙ্গে দেখতে চাইলে যেতে হবে সীমান্তঘেঁষা জেলা শেরপুরের গারো পাহাড়ে।
মনে রাখুন:
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে যাওয়ার ব্যাপারে প্রায় নানা বিধিনিষেধ আরোপ করা হয় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর তরফ থেকে। আপনার পরিকল্পনা করা সময়ে অভীষ্ট গন্তব্যে ভ্রমণ করা যাচ্ছে কি না, সেটা যাওয়ার আগে জেনে নিন।



