শ্রমিকদের মজুরি নিয়ে প্রতিমন্ত্রী সাকির নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া

ছবি: আগামীর সময়
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি শ্রমিকদের মজুরি নিয়ে একটি মন্তব্য করেছেন— এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
যাচাই করে দেখা গেছে, জোনায়েদ সাকি এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি স্যাটায়ার বা প্যারোডি পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক ফটোকার্ডকে আসল বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।
কী দাবি করা হচ্ছে?
ফেসবুকের ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’ নামের একটি গ্রুপ থেকে আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির ছবি ব্যবহার করা হয়েছে। ছবির পাশে তার নামে লেখা হয়েছে, ‘হাসিনার আমলে সবকিছুর দাম অনেক বেশি ছিল, তাই শ্রমিকের ২৫ হাজার টাকা মজুরি চেয়েছি। কিন্তু বিএনপির আমলে সবকিছুর দাম অনেক কম, তাই শ্রমিকের মজুরি বৃদ্ধির প্রশ্নই আসে না।’
ফটোকার্ডের নিচের অংশে শ্রমিকদের মিছিল ও আন্দোলনের দৃশ্যের পাশাপাশি জোনায়েদ সাকির বক্তব্য দেওয়ার আরেকটি ছবিও যুক্ত করা হয়েছে। এভাবে ফটোকার্ডটি তৈরি করে তার নামে মন্তব্যটি প্রচার করা হচ্ছে।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি ১১ বার শেয়ার হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে ১৫৪টি।
যাচাইয়ে যা মিলেছে
অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ নভেম্বর আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রকাশিত হতে দেখা যায়।
পেজটির বিবরণীতে নিজেদের স্যাটায়ার বা প্যারোডি পেজ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। পেজে প্রকাশিত অন্যান্য পোস্ট পর্যালোচনা করেও দেখা যায়, সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নিয়মিত ব্যঙ্গাত্মক ও রসাত্মক ফটোকার্ড প্রকাশ করা হয়।
অন্যদিকে, আলোচিত বক্তব্যের বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সূত্রে জোনায়েদ সাকির এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত দাবির পক্ষেও কোনো বাস্তব তথ্যপ্রমাণ মেলেনি।
সুতরাং, শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির নামে প্রচারিত বক্তব্যটি সত্য নয়। এটি একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক কনটেন্ট, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।





