চলে গেলেন প্রখ্যাত পরিচালক সিঙ্গীতম শ্রীনিবাস রাও

সিঙ্গীতম শ্রীনিবাস রাও
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সিঙ্গীতম শ্রীনিবাস রাও ছিলেন এক অনন্য পথিকৃৎ। তিনিই প্রথম কোনো সংলাপ ছাড়া সিনেমা বানিয়ে পুরো বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন, আর তেলুগু ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন টাইম ট্রাভেলের যুগান্তকারী ধারণা।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এ কালজয়ী নির্মাতা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার রাতে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এ প্রবীণ পরিচালকের বয়স হয়েছিল ৯৪ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
১৯৩১ সালে অন্ধ্রপ্রদেশে জন্ম নেওয়া সিঙ্গীতম চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলেন বিখ্যাত পরিচালক এল ভি প্রসাদের সহকারী হিসেবে। ১৯৭২ সালে ‘নীতি নিজায়ীতি’ সিনেমা দিয়ে স্বাধীন পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে তেলুগু, তামিল, কন্নড় ও হিন্দিসহ পাঁচটি ভাষায় একের পর এক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।
কমল হাসান অভিনীত কোনো সংলাপ ছাড়া পূর্ণদৈর্ঘ্য ব্ল্যাক-কমেডি ‘পুষ্পক বিমানম’ কিংবা নন্দমুরী বালকৃষ্ণ অভিনীত তেলুগু ভাষার প্রথম টাইম-ট্রাভেল সাইন্স ফিকশন সিনেমা ‘আদিত্য ৩৬৯’— ভারতীয় সিনেমায় তার অবদান অবিশ্বাস্য।
এ ছাড়াও সুধা চন্দ্রনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি ‘ময়ূরী’ এবং ফ্যান্টাসি থ্রিলার ‘ভৈরব দ্বীপম’-এর মতো বহু প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন তিনি।
বয়সকে শুধুই একটা সংখ্যা প্রমাণ করে ৯৪ বছর বয়সেও ক্যামেরার পেছনে সচল ছিলেন তিনি। প্রযোজক নাগ অশ্বিনের সঙ্গে তার জীবনের শেষ মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘সিং গীতম’-এর কাজ কিছুদিন আগেই শেষ করেছিলেন। ফলে বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সক্রিয় চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় উঠে এসেছিল তার নাম।
তার মৃত্যুর খবরে পুরো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে সুপারস্টার জুনিয়র এনটিআর বলেছেন, ‘তিনি ছিলেন এমন এক দূরদর্শী নির্মাতা, যার চিন্তাভাবনা সবসময় সময়ের চেয়ে এগিয়ে ছিল। তার নির্মিত চলচ্চিত্রগুলো প্রতিটি প্রজন্মের কাছেই চিরসবুজ ও নতুন মনে হয়।’
সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ গভীর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, ‘আমরা আপনাকে খুব মিস করব স্যার। আপনার কাজ ও ইতিবাচকতা ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতাদের জন্য একটি বিরাট শিক্ষা হয়ে থাকবে।’




