ইন্ডাস্ট্রিতে কাজ কম, স্ক্রিপ্টও ভালো নেই: মনোজ প্রামাণিক

মনোজ প্রামাণিক
অভিনেতা ও নির্মাতা মনোজ প্রামাণিক। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমেছে। এর কারণ হিসেবে দেশের বিনোদন অঙ্গনে কাজের স্বল্পতা, ভালো চিত্রনাট্যের অভাব এবং নিজের অন্যান্য কাজে ব্যস্ততার কথা জানিয়েছেন এই অভিনেতা।
দৈনিক আগামীর সময়ের সেলেব্রিটি টক শো ‘স্টার স্টোরিজ’-এ অতিথি হয়ে নিজের কাজ, ব্যক্তিজীবন, সম্পর্ক নিয়ে গুঞ্জন এবং দেশের শোবিজ ইন্ডাস্ট্রির নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন মনোজ প্রামাণিক। সঞ্চালক পান্থ আফজালের সঙ্গে আড্ডায় তিনি তুলে ধরেছেন নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা, প্রযোজিত ‘সাঁকোটা দুলছে’র সাফল্য এবং ইন্ডাস্ট্রি নিয়ে হতাশার কথাও।
পর্দায় আগের মতো নিয়মিত দেখা না যাওয়ার বিষয়ে মনোজ বলেন, ‘আমিও কাজকে মিস করছি। দর্শকদেরও মিস করছি। তবে আমার মনে হয়, ইদানীং ইন্ডাস্ট্রিতে কাজ কমই হচ্ছে। দ্বিতীয়ত, যে ধরনের কাজ হচ্ছে, সব ধরনের কাজ আমি করতে পারছিলাম না। স্ক্রিপ্ট ভালো নেই। আরও অনেক সমস্যা। আর আমারও অন্য কিছু কাজে ব্যস্ত থাকায় অভিনয়টা করা হয়ে উঠছে না।’
বিভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে এই অভিনেতা বলেন, “‘দাগি’, ‘রঙ্গিলা কিতাব’, ‘অপারেশন সুন্দরবন’ বা ‘টিকিট’, সবগুলোতে চেষ্টা করেছি একটু ভিন্ন ভিন্ন চরিত্র করার। হয়তোবা দর্শক বিশ্বাস করতে চান না, ‘ও আচ্ছা, এই ক্যারেক্টার আপনার করা!’ এরকম বলে। তখন মনে হয়, এত বেশি চরিত্রে অভিনয় করা নিজের জন্য ঠিক হবে না। অথবা পরিবর্তন যতই করি, যেন নিজের মতো দেখাটার প্রতিও খেয়াল রাখা উচিত।”
নিজের জীবনের বড় ভুলের প্রসঙ্গে মনোজ অকপটে বলেন, ‘আমি আমার জীবনে অনেককে আশ্রয় দিয়ে বা ডেকে নিয়ে ভুল করেছি। এটা আমার করা উচিত হয়নি। এর কারণে আমার জীবনে ভীষণ সাফারিং হয়েছে।’
অভিনেত্রী প্রভাকে নিয়ে বিশেষণ দিতে বলা হলে মনোজের উত্তর, ‘প্রভা আমার খুবই ভালো বন্ধু।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন মনোজ। এক ছাত্রীর সঙ্গে কথোপকথনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “ছাত্রীর কাছ থেকেও অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি। একজন ছাত্রী ইনবক্সে লিখেছে, ‘স্যার, আই লাভ ইউ।’ আমিও লিখেছি, ‘থ্যাংক ইউ।’ আবারও একদিন লিখেছে, ‘স্যার, সত্যিই আমি আপনাকে ভালোবাসি।’ আমিও সেদিনও ওকে উত্তর দিয়েছি।”
ওই ছাত্রীর সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার ঘটনা বর্ণনা করে তিনি বলেন, “একদিন সামনাসামনি দেখা হলে সে আস্তে করে সেই একইভাবে ‘আই লাভ ইউ’ বলে। আশপাশে আরও অনেকে ছিল, তারাও কথাটি শুনে ফেলে। সে বিব্রত হচ্ছিল। আমি তাকে ইজি করার জন্য বলি, ‘আই লাভ ইউ টু।’ সো, অন্যরাও এটাকে ফান হিসেবে নেয়।”
মনোজ আরও বলেন, “এরপর সে আবার ইনবক্সে নক দিয়ে বলে, ‘স্যার, আমি আসলেই আপনাকে ভালোবাসি।’ আমি তাকে লিখি, ‘তাহলে এক্সপ্লেইন, হোয়াট ইজ লাভ?’ পরবর্তীতে সে হাল ছেড়ে দেয়। সে বুঝে যায়, কোনো লাভ নেই।”
আড্ডায় মনোজ প্রামাণিক তাঁর প্রযোজিত ‘সাঁকোটা দুলছে’র বিশ্বজয়ের গল্প, কাজ ঘিরে অর্জন ও অভিজ্ঞতা এবং আগামীর পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের কাজের পরিবেশ, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে নিজের উপলব্ধি তুলে ধরেছেন তিনি।
পান্থ আফজালের সঞ্চালনায় ‘স্টার স্টোরিজ’-এর বিশেষ পর্বটি প্রচারিত হবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৭টায়। অনুষ্ঠানটি দেখা যাবে ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।






