নন্দনে শেষ শ্রদ্ধায় বিদায় জানানো হলো অনীক দত্তকে

‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত–কে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার কলকাতার নন্দন চত্বরে ভিড় করেন সহশিল্পী, সহকর্মী ও অনুরাগীরা।
গত বুধবার দুপুরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যান এই নির্মাতা। পরদিন বৃহস্পতিবার তার মরদেহ রাখা হয় ‘পিস ওয়ার্ল্ড’-এ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ থেকে মেয়ের ফেরার অপেক্ষায় শেষকৃত্য স্থগিত রাখা হয়।
শুক্রবার সকালে অনীক দত্তের মরদেহ নন্দন চত্বরে নেওয়া হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নন্দনের মূল ফটকের সামনে বড় ফ্রেমে রাখা হয় পরিচালকের ছবি। চারপাশ সাজানো হয় ফুল দিয়ে।
পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, মরদেহ গাড়ি থেকে নামানো হবে না। গরমের কারণে মরদেহ সংরক্ষণে সমস্যা হতে পারে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ ফুল বা মালা দিতে চাইলে পরিচালকের ছবির সামনেই শ্রদ্ধা জানানোর ব্যবস্থা রাখা হয়।
শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, সৃজিত মুখার্জি, প্রযোজক ফিরদৌসল হাসান, পাপিয়া অধিকারী–সহ আরও অনেকে।
শুরু থেকেই পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন অভিনেতা ও সাংসদ রুদ্রনীল ঘোষ।






