শিল্পকলায় সানিডেলের ‘আলাদিন’, দুই দিনে তিন প্রদর্শনী

সংগৃহীত ছবি
ছোট্ট প্রদীপ, জিনি আর উড়ন্ত গালিচার জাদু নিয়ে মঞ্চে আসছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা নাটকটি মঞ্চস্থ করবেন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নির্দেশনা দিচ্ছেন মিজানুর রহমান মিতুল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। পরদিন শুক্রবার একই মিলনায়তনে বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আরব্য রজনীর জনপ্রিয় এই গল্পের রোমাঞ্চ, বিস্ময়, জাদু ও রূপান্তরের আবহ অভিনয়, সংগীত ও নৃত্যের মাধ্যমে নতুন আঙ্গিকে তুলে ধরবেন সানিডেল মিডল স্কুলের তরুণ শিল্পীরা। চিরচেনা আলাদিন, জিনি ও উড়ন্ত গালিচার গল্প নিজেদের পরিবেশনায় দর্শকের সামনে উপস্থাপন করবেন তারা।
আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনীতে অতিথি থাকবেন নাট্যজন মামুনুর রশীদ ও আবুল হায়াত।
নির্দেশক মিজানুর রহমান মিতুল বলেন, ‘আলাদিন আরব্য রজনীর এক চিরন্তন গল্প। রূপকথাটি যুগ যুগ ধরে এবং বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে, তবু এর আকর্ষণ কখনো কমেনি। অগণিত রূপে পুনর্কথিত ও নতুন আঙ্গিকে উপস্থাপিত হয়ে, এটি আজও ছোট্ট প্রদীপ, দৈত্য এবং উড়ন্ত গালিচার জাদুতে আমাদের মুগ্ধ করে চলেছে।’
তিনি আরও বলেন, ‘আলাদিনের জৌলুশ ও মুগ্ধতার আড়ালে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা, মানুষের প্রকৃত মূল্য ধন-সম্পদ কিংবা বাহ্যিক সৌন্দর্যে নয়; বরং সাহস, দয়া, সততা ও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যেই নিহিত।’
নাটকটিতে আলাদিন চরিত্রে অভিনয় করবেন সামিউ মামুন জাঈম, জেসমিন চরিত্রে নাদিয়া আফরিন এবং জিনির ভূমিকায় মোহাম্মদ আয়ান আবদুল্লাহ। আরও অভিনয় করছেন আরেব আজরফ, শ্রেয়ান ওয়াদি, রেহানুস সামাদ খান, শরীন মির্জাসহ অন্যরা।
নাটকটির সংগীত আয়োজনে রয়েছেন নীল কামরুল। কস্টিউম ডিজাইন করেছেন ইরা বালা, স্নাতা শাহরিন, শ্রেয়শ্রী সরকার ও আনিকা হোসেন বৈশাখী। সহকারী পরিচালক হিসেবে রয়েছেন শ্রাবন্তী গুপ্তা, নিকিতা আজম ও শ্রেয়শ্রী সরকার।




