‘ফ্রি পালেস্টাইন’ বলায় র্যাপার বাদ, প্রতিবাদে শিরানের দল থেকে সরলেন বাকিরাও

ম্যাকলমোর ও এড শিরান ২০১৪ সাল থেকে বন্ধু
মঞ্চে ফিলিস্তিনপন্থী মন্তব্য করায় র্যাপার ম্যাকলমোরকে এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের লাইনআপ থেকে বাদ দেওয়া হয়েছিল। এবার তার পর ট্যুরে থাকা বাকি সব সাপোর্ট অ্যাক্টও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। তাদের মধ্যে রয়েছেন পপ তারকা বিলি আইলিশের ভাই ফিনিয়াস। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার সময় শিল্পীদের নীরব করে দেওয়া উচিত নয়।’
র্যাপার ম্যাকলমোর মঞ্চে ‘ফ্রি পালেস্টাইন’ বলেছিলেন। আইরিশ গায়ক ও গীতিকার অ্যারন রো এবং ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহামও এড শিরানের ট্যুর থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। শিরানের সঙ্গে প্রতি রাতে মঞ্চে পারফর্ম করা আইরিশ ফোক ব্যান্ড বিওগাও ট্যুর থেকে সরে দাঁড়িয়েছে।
এই ঘোষণাগুলো আসে এড শিরান গাজা নিয়ে প্রকাশ্য বিতর্কে জড়াবেন না বলে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই। একই সঙ্গে ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার ছিল না বলেও স্পষ্ট করেন তিনি। ইনস্টাগ্রামে শিরান লেখেন, ‘ম্যাকলমোরকে ট্যুর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রমোটারের ছিল, এটি আমার সিদ্ধান্ত নয়।’
তার ভাষ্য, ‘যেসব ভক্ত পরিকল্পনা করে রেখেছেন, আমি তাদের কখনো হতাশ করব না। একইভাবে ট্যুরের ক্রু, অন্যান্য সাপোর্ট অ্যাক্ট ও সংগীতশিল্পীদেরও পরিত্যাগ করব না, যারা আমার সঙ্গে কাজ করে জীবিকা নির্বাহ করেন।’
এড শিরানের পরবর্তী পারফরম্যান্স শনিবার ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে হওয়ার কথা। তবে তার ‘লুপ’ ট্যুরের ওয়েবসাইট এখনো হালনাগাদ করা হয়নি। সেখানে লুকাস গ্রাহাম ও অ্যারন রোকে এখনো বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা রয়েছে।
গাজা প্রসঙ্গে শিরান বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতে আমি আতঙ্কিত। উভয় পক্ষের মানুষের যে দুর্ভোগ ও যন্ত্রণা, তা একটি মানবিক ট্র্যাজেডি।’
তবে রাজনৈতিক বিষয়ে নিজের অবস্থান প্রকাশ্যে না জানানোর কারণও ব্যাখ্যা করেন তিনি। শিরান লেখেন, ‘আমি এতে জড়িত নই। এই ভয়াবহ সংঘাত নিয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। আমি প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিইনি বলেই যে আমার কোনো মতামত নেই, তা নয়। এর অর্থ এই নয় যে আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নই।’
শিরান বলছেন, ‘এর অর্থ এটাও নয় যে আমি নিজের ব্যক্তিগত উপায়ে কোনো উদ্যোগ বা কর্মকাণ্ডকে সমর্থন করি না।’
নিজের পেশাগত প্ল্যাটফর্মকে রাজনৈতিক বক্তব্যের জন্য ব্যবহার না করার কারণ হিসেবে শিরান বলেন, ‘আমি আমার পেশাগত প্ল্যাটফর্ম রাজনীতির জন্য ব্যবহার করি না, এর একটি কারণ আছে। আমার দর্শকদের মধ্যে বিভিন্ন পটভূমির তরুণ মানুষ, এমনকি শিশুরাও রয়েছে।’
তিনি আরও লেখেন, ‘যারা আমার কনসার্টে আসেন, তারা কোনো রাজনৈতিক ফোরাম আশা করেন না। আমি ম্যাকলমোরের নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তিকে সম্মান করি।’
শিরানের ভাষায়, ‘তবে একই লক্ষ্যে পৌঁছানোর জন্য একাধিক পদ্ধতির জায়গা রয়েছে, শান্তি। আমি আমার খ্যাতি ও প্ল্যাটফর্মকে নিরাপদ ও আশ্রয়ের একটি জায়গা হিসেবে ব্যবহার করতে চাই। কূটনীতি বজায় রাখতে এবং আলোচনা বন্ধ না করে চালু রাখতে চাই। আমরা যদি শুধু কে সবচেয়ে জোরে কথা বলছে, সেদিকে মনোযোগ দিই, তাহলে কখনোই কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে।’
শিরান আরও জানান, অন্য সব সাপোর্ট অ্যাক্টের মতো ম্যাকলমোরকেও নিজের পারফরম্যান্সের গানের তালিকা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। তবে শিরানের এই বক্তব্য ভক্ত ও ট্যুরের অন্য শিল্পীদের শান্ত করার পরিবর্তে উল্টো আরও প্রতিক্রিয়া তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইনস্টাগ্রামে লুকাস গ্রাহাম লেখেন, ‘যুদ্ধ নিয়ে, বেসামরিক মানুষ নিহত হওয়া নিয়ে, শিশুদের বেড়ে ওঠার অধিকার নিয়ে আমাদের কথা বলতে পারা উচিত। তারা যেখানেই বাস করুক না কেন, তাদের ওপর যে পতাকাই উড়ুক না কেন।’
অ্যারন রো, যিনি চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে শিরানের ট্যুরের উদ্বোধনী শিল্পী হিসেবে পারফর্ম করেছিলেন এবং জুনে যুক্তরাষ্ট্রের ট্যুরেও সাপোর্ট অ্যাক্ট হিসেবে যোগ দেন, বলেন তিনি ‘এই সিদ্ধান্ত হালকাভাবে নেননি।’
তিনি আরও বলেন, ‘এড আমার একজন বন্ধু ছিলেন এবং তিনি আমার জীবন বদলে দিয়েছেন। এর জন্য তাকে কখনো যথেষ্ট ধন্যবাদ দিতে পারব না।’
অন্যদিকে, বিওগা তাদের পোস্টে লিখেছে, ‘সংগীতশিল্পী হিসেবে প্রতি রাতে এমন দর্শকদের সামনে পারফর্ম করা স্বপ্নের মতো। কিন্তু ফ্রি প্যালেস্টাইনের পক্ষে কথা বলা কাউকে যেখানে নীরব করে দেওয়া হয়, সেখানে পারফর্ম করা আমাদের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’






