‘খুব বেশি মানুষ আমাকে কাজের সুযোগ দেয়নি’

মেঘলা মুক্তা
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী অভিনেত্রী মেঘলা মুক্তা। বিছানায় শুয়ে শুয়েই কাটছে তার দিন। এই পরিস্থিতিতে নিজের কাজের সুযোগ, ইন্ডাস্ট্রির বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। মেঘলা মুক্তা জানিয়েছেন, দুর্ঘটনার আগে চেহারা ও শরীর কাজ করার মতো অবস্থায় থাকলেও খুব বেশি মানুষ তাকে কাজের সুযোগ দেননি।
মেঘলা মুক্তা লিখেছেন, ‘সবাই জানে আমার এক্সিডেন্টে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ফেইস। আমার চেহারা, শরীর সবকিছুই কাজ করার মতো অবস্থায় ছিল, তখনও খুব বেশি মানুষ আমাকে সেই সুযোগটা দেয়নি। হয়তো তাদের গল্পে, তাদের চরিত্রে আমি ফিট করিনি। সেটা মেনে নিয়েছি।’
বাংলাদেশে কাজের সুযোগ কম—এ কথাও মেনে নিয়ে অভিনেত্রী বলেন, ‘কারণ বাংলাদেশে কাজ কম, এ কথাও সত্যি। কিন্তু কাজ একেবারে থেমে নেই। প্রতিনিয়ত কোনো না কোনো ওটিটি, কোনো না কোনো প্ল্যাটফর্মে কাজ হচ্ছে। শুধু সবার জন্য দরজা খোলা থাকে না। আমরা সবাই একটা কথা জানি, তেলওয়ালা মাথায় সবাই তেল ঢালে, শুকনা মাথায় কেউ তেল ঢালতে চায় না।’
বর্তমানে শয্যাশায়ী অবস্থায় নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন তিনি। মেঘলার ভাষায়, ‘আজ শুয়ে শুয়ে ভাবি, আমি আবার কবে কাজ করতে পারব, আদৌ পারব কি না, সেটাও জানি না। আমার সামনে এখন অনেক অনিশ্চয়তা। তাই এই মুহূর্তে বসে বসে ভাবা ছাড়া করার মতো খুব বেশি কিছু নেই।’
তবে নিজের পছন্দের পরিচালকদের নতুন কাজের জন্য শুভকামনা জানিয়েছেন মেঘলা। তিনি লেখেন, ‘তবু আমার পছন্দের সব পরিচালক, যাদের সামনে নতুন কাজ আসছে আপনাদের জন্য আন্তরিক শুভকামনা। আপনারা আপনাদের কমফোর্ট জোনের শিল্পীদের নিয়ে কাজ করুন, যাদের নিয়ে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন, তাদের নিয়েই কাজ করুন। তেলওয়ালা মাথায় তেল ঢালুন।’
এরপরই ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়েও গুরুত্বপূর্ণ একটি কথা স্মরণ করিয়ে দেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘শুধু একটা কথা মনে রাখবেন, এই তেলওয়ালা মাথাগুলোরও একদিন শুকনা মাথা ছিল। আর সেই শুকনা মাথায় কোনো একদিন আপনারাই তেল ঢেলেছিলেন। তাই আমার জন্য নয়, হয়তো এমন কিছু মানুষের জন্য, যারা সত্যিই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, থাকতে চায়, নিজের জায়গাটা তৈরি করতে চায়, তাদের অন্তত একটা সুযোগ দিন।’
পরিচালকদের উদ্দেশে অডিশনের মাধ্যমে শিল্পী বাছাইয়ের আহ্বান জানিয়ে মেঘলা মুক্তা লেখেন, ‘অডিশনটা নিন। আগে থেকে ঠিক করে রাখা মুখের বাইরে তাকান। হয়তো আপনার পরের ভালো কাজের মানুষটা এখনো আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে, শুধু আপনি তাকে ভেতরে ডাকেননি। এটা শুধু আমার কথা নয়। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাওয়া অনেক শুকনা মাথার কথা।’




