ফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোর

ম্যাকলমোর
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন গায়ক ও র্যাপার ম্যাকলমোর। এরই মধ্যে আরেক ঘোষণায় এবার বিশ্বের আলো নিজের দিকে কেড়ে নিলেন তিনি।
কয়েক দিন পর সফর থেকে পাওয়া পুরো ১০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় বারো কোটি আটাশ লাখ ছেষট্টি হাজার ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা সংগঠনগুলোকে দেওয়ার ঘোষণা দিয়েছেন র্যাপার ম্যাকলমোর। একই সঙ্গে ইসরায়েলপন্থী ধনকুবের ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফটকে ওই অর্থের সমপরিমাণ অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাকলমোরের আসল নাম বেন হ্যাগার্টি। বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার অনুদানের অর্থ ফিলিস্তিনিদের সরাসরি সহায়তা করা ৬টি সংগঠনের মধ্যে দেওয়া হবে। এর পাশাপাশি ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে তাকে পারফর্ম করতে নিষিদ্ধ করার পর ক্রাফটের প্রতি এই আহ্বান জানান তিনি।
ম্যাকলমোর লিখেছেন, ‘আমরা যে বিষয়েই মতপার্থক্যে থাকি না কেন, অন্তত এ বিষয়ে হয়তো একমত হতে পারি যে ফিলিস্তিনিদের জীবন রক্ষা করা মূল্যবান। পৃথিবীর অন্য যেকোনো মানুষের জীবনের চেয়ে কোনো ফিলিস্তিনির জীবনের মূল্য কম নয়।’
বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ক্রাফট জানান, ম্যাকলমোর তাকে অনুদানের অর্থ মিলিয়ে দেওয়ার আহ্বান জানানোর আগেই এড শিরান ফোন করে ওই অঞ্চলে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলার দেওয়ার বিষয়ে তাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে বলেছেন। ক্রাফট আরও জানান, শিরান এখন অন্য স্টেডিয়াম মালিকদের সঙ্গে যোগাযোগ করে আরও অর্থ সংগ্রহের উদ্যোগ নেবেন।
ক্রাফট বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, সব মানুষের জীবন রক্ষা করা মূল্যবান।
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে ম্যাকলমোরের পারফরম্যান্সের কারণে তাকে শিরানের সফর থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ক্রমেই বাড়ছে। সোমবার ম্যাকলমোর জানান, যুক্তরাষ্ট্রে শিরানের সফরের বাকি অনুষ্ঠানগুলো থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এর আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পারফর্ম করার সময় তিনি ফিলিস্তিনিদের সমর্থনে বক্তব্য দিয়েছিলেন।
এরই মধ্যে ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে শিরানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সব সহযোগী শিল্পী সফর থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের কয়েকজন আইরিশ শিল্পী। সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে তারা আয়ারল্যান্ডের নিজেদের দখলদারত্বের ইতিহাসের কথাও উল্লেখ করেছেন। তবে শিরান জানিয়েছেন, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত তিনি নেননি; সফরের আয়োজক প্রতিষ্ঠানই এ সিদ্ধান্ত নিয়েছে।
পরে ক্রাফট বলেন, ম্যাকলমোরকে তার স্টেডিয়ামে পারফর্ম করার অনুমতি দেওয়ার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। এর কারণ হিসেবে তিনি র্যাপারের কথিত ‘ইহুদিবিদ্বেষী বক্তব্য ও চিত্র ব্যবহারের ইতিহাসের’ কথা উল্লেখ করেন।
‘ফ্রি পালেস্টাইন’ বলায় র্যাপার বাদ, প্রতিবাদে শিরানের দল থেকে সরলেন বাকিরাও
১৬ সেপ্টেম্বর ২০২৬
আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে ক্রাফট বলেন, ম্যাকলমোরকে তার স্টেডিয়ামে নিষিদ্ধ করার সিদ্ধান্তের উদ্দেশ্য ‘নিরপরাধ ফিলিস্তিনিদের দুর্ভোগকে খাটো করা নয়।’ তবে তার দাবি, ‘ইহুদি সম্প্রদায়ের ক্ষতির বিনিময়ে বা হামাসের দায়কে আড়াল করে কোনো ধরনের সমর্থনের প্রচার হওয়া উচিত নয়।’
বুধবারের সর্বশেষ বিবৃতিতে ম্যাকলমোর বলেন, তিনি চান পুরো আলোচনা তাকে কিংবা সফর থেকে বাদ দেওয়ার বিতর্ককে কেন্দ্র করে না হয়ে ফিলিস্তিনিদের বিষয়কে ঘিরে হোক।
তিনি লিখেছেন, ‘এটাই সব সময়ের বিষয় ছিল। আমি নই, কোনো সফর নয়, শিরোনাম বা বিতর্কও নয়। এটি ফিলিস্তিনিদের নিজেদের মাতৃভূমিতে স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তার অধিকারের বিষয়।’
ম্যাকলমোর আরও বলেছেন, অর্থ দান করা গাজায় থাকা মানুষ এবং ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করা ব্যক্তিদের কাজের তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ।
তিনি লেখেন, ‘চেক লিখে দেওয়া আমার জন্য সংহতি প্রকাশের সবচেয়ে কম ব্যয়বহুল উপায়গুলোর একটি। আমি এটি করছি, কারণ আমি পারি এবং কারণ এসব সংগঠন কাজ করে যাচ্ছে, যখন বিশ্বের বড় একটি অংশ বিষয়টি নিয়ে বিতর্ক করছে। যখন সংবাদমাধ্যমের আলোচনার চক্র অন্যদিকে চলে যাবে, যা একসময় যাবেই, তখন আপনারাও যেন সেই সঙ্গে সরে না যান। ফ্রি প্যালেস্টাইন।’
সূত্র : আলজাজিরা





