প্রকাশিত হলো নজরুল সংগীত ‘বরষা ঋতু এলো এলো’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর কালজয়ী গান ‘বরষা ঋতু এলো এলো’ নতুন আয়োজনে প্রকাশিত হয়েছে। প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর-সুন্দরের মহিমাময় রূপকে ধারণ করে নির্মিত এই নজরুল সংগীতটি সম্প্রতি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন নজরুলসংগীত শিল্পী বর্ণালী সরকার। সেতারবাদন ও সঙ্গীতায়োজন করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী (শ্রাবণ)। বর্ষার আবহকে আরও গভীরভাবে তুলে ধরতে নজরুলের এই বর্ষার গানটির সঙ্গে রাগ মেঘমল্লারের আবহকে সংযুক্ত করা হয়েছে, যা গানটিকে দিয়েছে এক বিশেষ মাত্রা।
এই আয়োজনে মূলত কণ্ঠ ও সেতারকে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে পাখাওয়াজে সঙ্গত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং কীবোর্ডে ছিলেন কৌশিক আহমেদ অন্তর। গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন ইফতে খাইরুল আলম শুভ। ‘Covered by Sharaban’ চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
বর্ণালী সরকার জানান, বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে সুর ও বাদ্যযন্ত্রের বিন্যাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নজরুল সংগীতের স্বকীয় সুর ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্ন আঙ্গিকে করা এই সঙ্গীতায়োজন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমাদৃত হবে বলে তাদের প্রত্যাশা।
বাংলা ঋতুচক্রে বর্ষা কেবল একটি ঋতু নয়, এটি এক বিশেষ অনুভূতির নাম। রুক্ষ গ্রীষ্মকে বিদায় জানিয়ে বর্ষা আসে বিজয়ীর বেশে, সঙ্গে নিয়ে আসে মেঘের গুরুগম্ভীর নাদ ও প্রকৃতির সজীবতা। সেই আবহকে কেন্দ্র করেই বর্ষার প্রথম দিনে প্রকাশিত ‘বরষা ঋতু এলো এলো’ গানটি বর্ষাবরণের সাংস্কৃতিক আয়োজনগুলোতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।


