মিস ইউনিভার্সের দুই ইভেন্টে প্রথম, একটিতে দ্বিতীয় সামিরা মাহি

মিস ইউনিভার্সের টপ ৩০-এ না থেকেও ৩ পুরস্কার পেলেন মাহি
পুয়ের্তো রিকোতে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্বে টপ ৩০-এ জায়গা করে নিতে না পারলেও বিশেষ বিভাগে দারুণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
দর্শকদের ভোটে তিনি ‘বেস্ট ইন সুইমস্যুট’ ও ‘বেস্ট ইন ইভনিং গাউন’ এই দুটি বিভাগে সেরা হয়েছেন। পাশাপাশি ‘বেস্ট ইন ন্যাশনাল কস্টিউম’ বিভাগে অর্জন করেছেন প্রথম রানার-আপের স্বীকৃতি।
নিজের এই প্রাপ্তি নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মাহি। সেখানে তিনি লিখেছেন, “কৃতজ্ঞতা ও গর্বে আমার মন ভরে গেছে। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দর্শকদের ভোটে (পাবলিক ফ্যান ভোটিং) বাংলাদেশ ‘সুইমস্যুট’ এবং ‘ইভনিং গাউন’, দুই বিভাগেই সেরা হয়ে বিজয়ী হয়েছি। পাশাপাশি ‘ন্যাশনাল কস্টিউম’ বিভাগে প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছি।”
দেশের মানুষের সমর্থনকে এই সাফল্যের মূল শক্তি হিসেবে তুলে ধরে মাহি আরও লিখেছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে আমি হয়তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, কিন্তু এই সাফল্য আপনাদের সবার, যারা সবসময় আমার পাশে ছিলেন। আমার প্রিয় বাংলাদেশ, মন থেকে তোমাকে অনেক ধন্যবাদ। যারা আমাকে ভোট দিয়েছেন, পোস্ট শেয়ার করেছেন, সাহস ও সমর্থন জুগিয়েছেন এবং আমার ওপর ভরসা রেখেছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা ও অক্লান্ত প্রচেষ্টার ঋণ ভাষায় প্রকাশ করার মতো নয়।’
পুয়ের্তো রিকোর সান হুয়ানে বসে এবারের গ্র্যান্ড ফিনালের আসর। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত ৭৫তম ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর আসরে দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজ দেশেই মুকুট জেতেন স্বাগতিক পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী প্রতিযোগী জেনিফার ব্যারেটো।
এই জয়ের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো পুয়ের্তো রিকোয় মিস ইউনিভার্সের শিরোপা ফিরল।
এবারের মূল আসরে প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানার-আপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস।
এ ছাড়া তৃতীয় রানার-আপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানার-আপ নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।







