ছয় বছর পর বড় পর্দায় জেট লি, নঁতে উৎসবে ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস’

‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস’ সিনেমার দৃশ্য
চীনের জনপ্রিয় অ্যাকশন তারকা জেট লি ছয় বছর পর বড় পর্দায় ফিরেছেন। ৬৩ বছর বয়সী এই অভিনেতার নতুন সিনেমা ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস’ দেখানো হলো ৪৮তম থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের স্পেশাল স্ক্রিনিংস বিভাগে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় ফ্রান্সের নঁতে শহরের কাতোরজা প্রেক্ষাগৃহে ছিল এর প্রদর্শনী। এতে রয়েছে শ্বাসরুদ্ধকর অ্যাকশন ও চোখধাঁধানো দৃশ্যের সমাহার। এটি পরিচালনা করেছেন হংকংয়ের নির্মাতা ইউয়েন উ-পিং। হলিউডের ‘ম্যাট্রিক্স’ ও ‘কিল বিল’ ফ্র্যাঞ্চাইজির অ্যাকশন দৃশ্য পরিকল্পনার জন্য বিশেষভাবে পরিচিত তিনি। তবে অনেকেরই অজানা— দীর্ঘ ক্যারিয়ারে তিনি মার্শাল আর্টভিত্তিক প্রায় ৭০টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস’-এর প্রেক্ষাপট ষষ্ঠ শতকের চীনের পশ্চিমাঞ্চল। এক ক্লান্ত ও হতাশ ভাড়াটে যোদ্ধাকে ঘিরে এর গল্প। চীনা তারকা উ জিং অভিনয় করেছেন এই চরিত্রে। কাহিনিতে একসময় নৈতিক বোধের পুনর্জাগরণ ঘটে তার। নির্মম সাম্রাজ্যবাদী ভাড়াটে সৈন্যদের হাত থেকে একটি আদিবাসী গোষ্ঠী ও এক বিপ্লবীকে রক্ষা করতে গিয়ে বদলে যায় তার জীবনবোধ।
ওয়েস্টার্ন ঘরানার পরিচিত অনুষঙ্গ— মরুভূমি, ঘোড়া ও সরাইখানার আবহের সঙ্গে চীনা মার্শাল আর্টভিত্তিক ‘উশিয়া’ চলচ্চিত্রের বীরত্ব, ন্যায়বিচার ও সম্মানবোধের ঐতিহ্যকে এই সিনেমায় মিশিয়েছেন নির্মাতা। বিস্তৃত কাহিনিবিন্যাস, অসংখ্য চরিত্র ও একাধিক গল্পের সমন্বয়ে নির্মিত চলচ্চিত্রটি প্রমাণ করে, ৮১ বছর বয়সেও ইউয়েন উ-পিংয়ের সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষায় ভাটা পড়েনি এতটুকু।
এবারের আসরে যথারীতি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দেখাচ্ছে থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল। গতকাল দিনভর বেশ কয়েকটি এশিয়ান সিনেমার প্রদর্শনী হয়েছে। এর মধ্যে স্পেশাল স্ক্রিনিংস বিভাগে দেখানো হয় দক্ষিণ কোরিয়ান নির্মাতা হং সাংসুর নতুন সিনেমা ‘নোহোয়্যার টু লে মাই আইস’ এবং লি উইয়ান-ইয়াংয়ের প্রামাণ্যচিত্র ‘দ্য গ্লিমারিং’। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ছিল দক্ষিণ কোরিয়ার ইয়ুন দান-বি পরিচালিত ‘দ্য ওয়ার্ল্ড বিফোর’ এবং ভিয়েতনামের লে বাওয়ের ‘হিয়ারিং’।
রেট্রোস্পেক্টিভে ভারতীয় নির্মাতা কে. বালাচন্দর পরিচালিত তেলুগু ভাষার ‘সিন্ধু ভৈরবী’ (১৯৮৫) এবং ‘রুদ্র বীণা’ (১৯৮৮) দেখানো হয়েছে। দুপুরে লে সিনেমাতোগ্রাফ প্রেক্ষাগৃহে বালাচন্দরের নির্মাণ নিয়ে বক্তৃতা দেন ফ্রান্সে বসবাসরত তামিল চলচ্চিত্র গবেষক ও শিক্ষাবিদ শাকিলা জাম্বুলিঙ্গাম।




