শিল্পকলায় হুট করে মিলনায়তন বরাদ্দ বাতিল

মহড়ার দৃশ্য
নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চে নিয়ে আসছে নূনা আফরোজের নির্দেশনায় নতুন নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর জন্য ১৯ ও ২০ নভেম্বর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনটি বরাদ্দ চেয়েছিল। বরাদ্দ কমিটি ১৮ নভেম্বরের জন্য মিলনায়তনটি প্রাঙ্গণেমোরকে বরাদ্দ দেয়। নিয়ম অনুযায়ী ভাড়া পরিশোধ করে বরাদ্দকৃত তারিখটি নিশ্চিত করে নাট্যদলটি।
কিন্তু গত ৯ নভেম্বর হুট করেই চিঠি দিয়ে মিলনায়তন বরাদ্দ বাতিল করার কথা জানিয়েছে শিল্পকলা একাডেমি। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদের সই করা চিঠির একটি কপি দেখেছে আগামীর সময়। এতে বলা হয়েছে, ১৮ নভেম্বর শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটকের প্রদর্শনী করা হবে। এজন্য প্রাঙ্গণেমোর নাট্যদলকে দেওয়া বরাদ্দটি বাতিল করা হয়েছে।
তবে চিঠিতে উল্লেখ করা হয়নি নজরুলের কোন নাটকের প্রদর্শনী হবে। সরকার জিয়া উদ্দিন আহাম্মদ আগামীর সময়কে বললেন, ‘ওই দিন শিল্পকলার নিজস্ব অনুষ্ঠান থাকায় মিলনায়তন বরাদ্দটি বাতিল করা হয়েছে, তা নাট্যদলকে জানানো হয়েছে।’
প্রাঙ্গণেমোরের প্রতিষ্ঠাতা ও প্রধান অনন্ত হিরা আগামীর সময়কে বলেছেন, ‘নজরুল বর্ষের অনুষ্ঠানের শিডিউল তো আগে থেকেই শিল্পকলার কাছে থাকার কথা। এভাবে আরেকটি নাট্যদলকে দেওয়া বরাদ্দ বাতিল করে অনুষ্ঠান করতে হবে কেন? আমরা তো যথাযথ নিয়ম মেনেই মিলনায়তন বরাদ্দ নিয়েছি। বরাদ্দের টাকাও পরিশোধ করেছি।’
নাট্যশালার হল বরাদ্দ নীতিমালা অনুযায়ী, যেকোনো সময় মিলনায়তন বরাদ্দ বাতিল করার এখতিয়ার শিল্পকলার রয়েছে। এই নীতিমালা সংশোধনের দাবি করেছেন অনন্ত হিরা। তিনি বললেন ‘একটি নাট্যদল নিয়ম মেনে মিলনায়তন বরাদ্দ নেওয়ার পর, তা হুট করে বাতিল করে দেওয়া হলে নাট্যদলটি যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ে, পাশাপাশি নিয়মিত টিকিট কেটে নাটক দেখার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তাতেও ছেদ পড়ে।’
প্রাঙ্গণেমোর জানিয়েছে, আগামী ১৯ ও ২০ নভেম্বর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।




