কমেডি ও ড্রামার পর এবার ভৌতিক সিনেমায় কৃতি শ্যানন

কৃতি শ্যানন- ছবি: ইনস্টাগ্রাম
বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা। নতুন একটি ভৌতিক সিনেমায় দেখা যাবে তাকে। তবে এর নাম এখনো প্রকাশ হয়নি। এটি প্রযোজনা করবে ম্যাডক ফিল্মস। কৃতি এর আগে এই প্রতিষ্ঠানের আটটি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘রাবতা’, ‘লুকা ছুপি’, ‘মিমি’, ‘ভেড়িয়া’।
ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্সের সিনেমা ‘স্ত্রী’-তে আইটেম গানে নেচেছেন কৃতি।
চলতি বছর ‘তেরে ইশক মে’ ও ‘ককটেল ২’ সিনেমায় কৃতির অভিনয় দর্শকের মন জয় করেছে।
কমেডি, নাটক ও অতিপ্রাকৃত গল্পের সিনেমায় কাজ করেছেন তিনি। এবার ভৌতিক ঘরানার কোনো সিনেমায় প্রধান চরিত্রে যুক্ত হলেন ৩৬ বছর বয়সী এই তারকা।
সম্প্রতি এক আলাপচারিতায় মানুষের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন কৃতি শ্যানন। তার মন্তব্য, কারও খারাপ দিক সামনে এলেও তিনি সহজে তার ভালো দিকগুলো উপেক্ষা করতে পারেন না। এটি তার স্বভাবের অংশ।
কৃতি বললেন, ‘কিছু বিষয় মানুষের মৌলিক স্বভাবের অংশ, যা চাইলেই বদলানো কঠিন। আমি এখনো মানুষের মধ্যে ভালো দেখতে চাই। কারও সবচেয়ে খারাপ দিক সামনে এলেও সেটি নিয়ে সন্দেহ করি এবং তার মধ্যে ভালো কিছু খুঁজে দেখার চেষ্টা করি।’
তবে মানুষের প্রতি অতিরিক্ত বিশ্বাস কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বলেও মানছেন কৃতি। তার ভাষ্য, ‘মানুষকে অনেক বেশি বিশ্বাস করি। আমার মনে হয়, আমি যদি ভালো হই, তাহলে সামনে থাকা মানুষটিও ভালো হবে। আমি যদি মিথ্যা না বলি, তাহলে তিনি মিথ্যা বলবেন না। কিন্তু বাস্তবতা সবসময় এমন নয়।’




