বাংলাদেশে আসছেন শাকিরা!

কলম্বিয়ান পপতারকা শাকিরা
রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকায় আরেকটি বড় আন্তর্জাতিক সংগীত আয়োজনের পরিকল্পনা জানালেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তিনি বললেন, ‘২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার বিষয়ে শিল্পীর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। শাকিরার পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এর আগে বাংলাদেশে আসার স্মৃতিও তার মনে আছে।’
ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। শাকিরার চূড়ান্ত সম্মতি পেলে আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। এর আগে ২০০৭ সালের ডিসেম্বরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন শাকিরা। ১৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে পটুয়াখালীর মির্জাগঞ্জের সিডরবিধ্বস্ত এলাকায় শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন এবং সহায়তা সামগ্রী বিতরণ করেন। সফরে রাজশাহীতে ইউনিসেফের সহায়তায় পরিচালিত কর্মজীবী ও পথশিশুদের শিক্ষা কার্যক্রম, শিশু সুরক্ষা প্রকল্প এবং বিভিন্ন শিক্ষাকেন্দ্রও পরিদর্শন করেন এই তারকা। ১৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়েন তিনি।
এদিকে, শাকিরার ভারত সফর নিয়েও রয়েছে আলোচনা। সর্বশেষ ২০০৭ সালে মুম্বাইয়ে ‘ওরাল ফিক্সেশন ট্যুর’-এর অংশ হিসেবে কনসার্ট করেছিলেন তিনি। প্রায় ১৯ বছর পর ২০২৬ সালে আবারও ভারতে পারফর্ম করার কথা ছিল তার। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিছিয়ে যাওয়া কনসার্ট আগামী বছর আয়োজনের সম্ভাবনা রয়েছে।




