গাজা নিয়ে ‘নাজা’

সংগৃহীত ছবি
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে যুক্ত করা হলো ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় নিরীহ মানুষ হত্যার ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা’। আগামী ১০ সেপ্টেম্বর ‘নাজা’র প্রিমিয়ার হবে আসরে। উৎসব কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এর শুটিং হয়েছে রাতে তেল আবিবের বিভিন্ন ভবনের ছাদে। ‘নাজা’ যৌথভাবে পরিচালনা করেছেন ইসরায়েলের ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোর। গত বছর সেরা প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জিতে নেওয়া ‘নো আদার ল্যান্ড’-এর চার নির্মাতার মধ্যে ছিলেন তারা। ‘নাজা’ প্রযোজনা করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান ও প্রযোজক জেমস উইলসন। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অস্কারজয়ী নির্মাতা জোনাথন গ্লেজার। তার পরিচালিত ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ২০২৪ সালে সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র এবং সেরা শব্দ বিভাগে দুটি অস্কার জিতেছে। ‘নাজা’র মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো গাজা বিষয়ক চলচ্চিত্র ভেনিসের মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন পুরস্কারের প্রতিযোগিতায় জায়গা করে নিল। গত বছর ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ উৎসবটির দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড জুরি জিতেছে। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ২ সেপ্টেম্বর।






