নতুন জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট

রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট - এক্স
কে হচ্ছেন জেমস বন্ড? এ নিয়ে জল্পনা-কল্পনা ক্রমেই বাড়ছে। এবার নতুন ০০৭ চরিত্রের দৌড়ে যুক্ত হলো আরও দুটি পরিচিত নাম— রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট। ব্রিটিশ এই দুই তারকা নতুন জেমস বন্ড হওয়ার জন্য অডিশন দিয়েছেন বলে জানা গেছে। ডেনিস ভিলন্যুভের পরিচালনায় পরবর্তী বন্ড সিনেমার জন্য তাদের স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছে। বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি সিনেমায় কাজের অভিজ্ঞতাও রয়েছে দুজনের।
রবার্ট প্যাটিনসন ডিসি স্টুডিওর ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া ‘টোয়াইলাইট’ ও ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে দেখা গেছে তাকে।
অন্যদিকে ডিসির ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন নিকোলাস হল্ট। এর আগে ‘এক্স-মেন’ সিরিজের ২০১০-এর দশকের প্রিক্যুয়েল ট্রিলজিতে অভিনয় করেছেন তিনি।
বন্ড চরিত্রের দৌড়ে প্যাটিনসনের এগিয়ে থাকার আরেকটি কারণ হতে পারে নির্মাতা ডেনিস ভিলন্যুভের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা। ভিলন্যুভের আগামী সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’-তে দেখা যাবে তাকে।
কিছুদিন ধরে সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় এসেছে ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেনের নাম।
এসব বিষয়ে অামাজনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।




