জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণিজন সম্মাননা

নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সংবাদ সম্মেলন
দেশের নৃত্যশিল্পীদের মেধা বিকাশ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যচর্চার প্রসার এবং নৃত্যাঙ্গনে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের সম্মানিত করতে আয়োজন করা হচ্ছে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণিজন সম্মাননা ২০২৬’। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রথম দুই দিন চলবে অডিশন ও জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতা। শেষ দিন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সম্মাননা ও পুরস্কার বিতরণী। নৃত্যশিল্পে দীর্ঘদিনের অবদান, সাধনা, সৃজনশীলতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পাঁচটি বিশেষ সম্মাননা ও পদক দেওয়া হবে।
এবার আজীবন সম্মাননা পাচ্ছেন আমানুল হক। নৃত্যাচার্য বুলবুল চৌধুরী পদক পাচ্ছেন কাজল ইব্রাহিম, লোকনৃত্য সম্রাট জি এ মান্নান পদক পাচ্ছেন রাজবাড়ীর নৃত্যশিল্পী ও পরিচালক আবদুস সাত্তার (কালু)। নৃত্য প্রভাকর গহর জামিল পদক পাচ্ছেন উদীয়মান নৃত্যশিল্পী হাসান ইশতিয়াক ইমরান। আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন নিউ ইয়র্ক প্রবাসী অ্যানি ফেরদৌসী।
প্রতিযোগিতায় দেশের সব জেলার নৃত্যশিল্পীরা অংশ নিতে পারবেন। পাঁচ বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক ও তদূর্ধ্ব প্রতিযোগীদের জন্য থাকছে তিনটি বয়স বিভাগ। একক, দ্বৈত, দলীয় ও প্রোডাকশন— এই চার বিভাগে শাস্ত্রীয়, লোক, সমকালীন ও সৃজনশীল নৃত্য পরিবেশনের সুযোগ থাকবে। দেশের অভিজ্ঞ নৃত্যগুরু ও শিল্পীদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড প্রতিযোগীদের পরিবেশনা মূল্যায়ন করবেন। প্রতিটি বিভাগে যুক্ত থাকবেন একজন করে তারকা বিচারক।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নৃত্য শুধু শারীরিক মুদ্রা বা ছন্দ নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। ধ্রুবতারা ২০২৬-এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের একটি জাতীয় মঞ্চ দিতে চাই, যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে এবং একই সঙ্গে অগ্রজ গুণিজনদের কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে পারবে।’
নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে একক নৃত্যে ৬০০ টাকা, দ্বৈত নৃত্যে ১ হাজার, দলীয় নৃত্যে ৮০০ এবং প্রোডাকশন নৃত্যে ৪০০ টাকা। মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানা যাবে, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের ওয়েবসাইটে।




