রাবিতে হাসান আজিজুল হক নাট্যোৎসব

মঞ্চনাটক ‘অ্যাপস-স্টেনগান’-এর মহড়া - সমকাল নাট্যচক্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘সমকাল নাট্যচক্র’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী এ উৎসব আগামীকাল শুরু হবে। আয়োজকরা জানিয়েছেন, প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ছিলেন সমকাল নাট্যচক্রের উপদেষ্টা। তাকে স্মরণ করে পঞ্চমবারের মতো আয়োজিত এ নাট্যোৎসব চলবে ২৫ থেকে ২৭ নভেম্বর।
নাট্যদলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিফ আহমেদ তারেক জানিয়েছেন, ২৫ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুল (টিনশেড) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আয়োজনে সমকাল নাট্যচক্র ও বন্ধু সংগঠনের একাধিক পথনাটক, মঞ্চনাটক ও যাত্রাপালা পরিবেশিত হবে। পথনাটকগুলো বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠে (হেবালিশ মাঠ) এবং মঞ্চনাটক ও যাত্রাপালা টিএসসিসি মিলনায়তনে মঞ্চস্থ হবে।
উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে সমকাল নাট্যচক্রের পরিবেশনায় পথনাটক ‘তৈল সংকট’। এ ছাড়া বিষ্ণু সরকারের নির্দেশনায় তীর্থক নাটকের পরিবেশনায় ‘সমীকরণ’; তৌফিক হাসান ময়নার নির্দেশনায় কলেজ থিয়েটার, বগুড়ার পরিবেশনায় ‘ভাগীদার’ এবং দুলেন্দ্র ভৌমিকের নির্দেশনায় বকুল স্মৃতি থিয়েটার, নাটোরের পরিবেশনায় ‘গুপ্তবিদ্যা’ মঞ্চস্থ হবে। জন্মভূমি অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ‘দেবী সুলতানা’।
উৎসবের দ্বিতীয় দিন সমকাল নাট্যচক্রের পরিবেশনায় পথনাটক ‘খড়িরাজা’ মঞ্চস্থ হবে। নাটকটির নির্দেশনায় রয়েছেন আজমল হুদা মিঠু। সমাপনী দিন বিকাল সোয়া ৪টা ও সন্ধ্যা সোয়া ৬টায় টিএসসিসি মিলনায়তনে আমির জামানের নির্দেশনায় সমকাল নাট্যচক্রের পরিবেশনায় মঞ্চনাটক ‘অ্যাপস-স্টেন গান’-এর দুটি প্রদর্শনী হবে।
১৯৮১ সালের ২৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে প্রতিষ্ঠিত হয় সমকাল নাট্যচক্র। প্রতিষ্ঠালগ্ন থেকেই নাটকের মাধ্যমে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং শোষিত-বঞ্চিত মানুষের প্রতি অন্যায় ও নিপীড়নের প্রতিবাদ জানানোর প্রত্যয় নিয়ে নাট্যচর্চা করে আসছে সংগঠনটি।




