ঘটনা সত্য

‘দিল চাহতা হ্যায়’ সিনেমার দৃশ্যে আমির খান, অক্ষয় খান্না ও সাইফ আলি খান -এক্সেল এন্টারটেইনমেন্ট
বলিউডের দর্শকপ্রিয় সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ ২৫ বছর পূর্ণ করল। ২০০১ সালে মুক্তি পায় এটি। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ফারহান আখতার। এ সিনেমায় আকাশ মালহোত্রা চরিত্রে আমির খান, সমীর মুলচান্দানির চরিত্রে সাইফ আলি খান এবং সিদ্ধার্থ সিনহা চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যায়। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল তিন বন্ধুর গোয়া ভ্রমণ। সেই সফরের পর তাদের বন্ধুত্বের সমীকরণে ধীরে ধীরে আসতে থাকে পরিবর্তন।
গত শুক্রবার মুম্বাইয়ের একটি হোটেলে একত্র হন কলাকুশলীরা। ‘দিল চাহতা হ্যায়’ পুনর্মিলনে স্মৃতি হাতড়ে বেশ কিছু মজার ঘটনা তুলে ধরেন কলাকুশলীরা। এর মধ্যে একটি ছিল আমির খানকে দ্বিতীয়বার ‘দিল চাহতা হ্যায়’-এর গল্প শোনানোর অভিজ্ঞতা। ফারহান আখতার জানিয়েছেন, ‘লগান’-এর শুটিংয়ে যাওয়ার আগে আমির একবার চলচ্চিত্রটির চিত্রনাট্য শুনেছিলেন। প্রায় ছয় মাস পর তিনি মুম্বাই ফিরে আবারও গল্পটি শুনতে চাইলেন। ফারহানের ভাষায়, “বেলা সাড়ে ১১টার দিকে প্রথমার্ধের গল্প শেষ হওয়ার পর আমির বললেন, ‘আমার শুধু ১৫ মিনিটের একটা বিরতি দরকার। ১৫ মিনিট পর এক কাপ চা দিয়ে আমাকে জাগিয়ে দিও। তারপর দ্বিতীয়ার্ধ শুনব।’ এরপর তিনি ঘুমিয়ে পড়লেন। তার সেই ঘুম ভাঙল ৮ ঘণ্টা পর!’ ‘লগান’-এর ব্যস্ত শুটিংয়ের কারণে তিনি তখন ভীষণ ক্লান্ত ছিলেন।”







