পর্দা নামল থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের, ৪০ বছরে ‘রুজ’

‘রুজ’ সিনেমার দৃশ্যে আনিতা মুই
১৯৭৯ সালে ফ্রান্সের নঁতে শহরে চলচ্চিত্রপ্রেমী দুই ভাই ফিলিপে ও আলাঁ জালাদো প্রতিষ্ঠা করেন থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল। ৪৮ বছর ধরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র তুলে ধরা হচ্ছে এই আয়োজনে। গত ২০ নভেম্বর থেকে চলছে এবারের আসর। এতে রয়েছে ৬৫টি চলচ্চিত্র। এগুলো দর্শকের সামনে তুলে ধরছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, সমাজ ও জীবনযাপনের গল্প। এবারের আয়োজন বিশ্বসিনেমার জানালা খুলে দিয়ে ভিন্ন সংস্কৃতি সম্পর্কে দর্শকের জানার পরিধি আরও বিস্তৃত করছে বলে আশাবাদী আয়োজকরা। সমসাময়িক চলচ্চিত্রের প্রদর্শনী এবং চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ— দুই ক্ষেত্রেই উৎসবটির সভাপতি রোমাঁ রেভো এবং উৎসবের শৈল্পিক পরিচালক জেরোম বারোঁর মূল দর্শন একই। তারা মনে করেন, শুধু দীর্ঘ ইতিহাসের জোরে একটি চলচ্চিত্র উৎসব টিকে থাকতে পারে না। প্রতিবছর নতুন করে এর অস্তিত্বের প্রয়োজনীয়তা খুঁজে নিতে হয়, নির্বাচনের ক্ষেত্রে নতুনত্ব আনতে হয়, অঙ্গীকার ধরে রাখতে হয় এবং চলচ্চিত্র ও নির্মাতাদের সঙ্গে দর্শকের সংযোগ তৈরির নতুন পথ বের করতে হয়।
৪০ বছর পূর্তি
১৯৮৮ সালের থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন মন্তগলফিয়েঁ (গ্রাঁ প্রিঁ) জিতেছে হংকংয়ের নির্মাতা স্ট্যানলি কোয়ানের ‘রুজ’। এবারের আসরে এর ৪০ বছর পূর্তি উদযাপন করা হবে। শুক্রবার রাতে সিতে দে কংগ্রেসে সমাপনী চলচ্চিত্র হিসেবে এটি প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নেমেছে উৎসবের।



