কার্যক্রম বন্ধের ঘোষণা দিল জনপ্রিয় ব্যান্ড ‘বাংলা ফাইভ’

এক ফ্রেমে বাংলা ফাইভ ব্যান্ডের সদস্যরা
দেশের জনপ্রিয় ব্যান্ড বাংলা ফাইভের যাত্রা শেষ হতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটির কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন অন্যতম উদ্যোক্তা ও সংগীতশিল্পী সিনা হাসান। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি জানান, আগামী ছয় মাসে পাঁচ থেকে সাতটি কনসার্টে পারফর্ম করার পরিকল্পনা রয়েছে তাদের। এরপর আনুষ্ঠানিকভাবে বন্ধ হবে ব্যান্ডের কার্যক্রম।
২০১৫-১৬ সালের দিকে যাত্রা শুরু করে বাংলা ফাইভ। ২০১৯ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘কনফিউশন’। এরপর ২০২২ সালে বাজারে আসে ‘লুকিয়ে থাকার সময়’। ‘তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি’ এবং ‘সন্ধ্যা নামায় রাখি’ গান দুটি দিয়ে শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পায় দলটি। ২০১৭-২০ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নিয়মিত কনসার্ট করেছে বাংলা ফাইভ। ভারতের কৃষ্ণনগর ও পাটুলি মেলার মাঠেও পারফর্ম করেছে।
কভিড মহামারীর পর কিছুটা আড়ালে চলে যায় বাংলা ফাইভ। সাম্প্রতিক দুই বছরের পারফরম্যান্স ও শ্রোতাদের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে সন্তুষ্ট নন সদস্যরা। তাই নতুনভাবে সংগীতের যাত্রা শুরু করতে ব্যান্ডের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সিনা। ব্যান্ড ভেঙে ব্যক্তিগতভাবে সংগীতচর্চা চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন কিছু শুরুর পরিকল্পনা রয়েছে সদস্যদের।




