দাদার কৃতিত্বে গর্বিত অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে
বাবা চাঙ্কি পান্ডে অভিনয় জগতের পরিচিত মুখ হলেও অনন্যা পান্ডের পরিবারের আরেক সদস্য নিজের জায়গা করে নিয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে। তিনি অনন্যার দাদা, ভারতের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শরদ পান্ডে। চিকিৎসাসেবায় তার অসামান্য অবদান ও রোগীদের প্রতি দায়িত্ববোধের গল্প এবার সামনে এনেছেন অনন্যা। দাদার কৃতিত্বে গর্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন এই বলিউড অভিনেত্রী।
‘দ্য বেটার ইন্ডিয়া’ নির্মিত ভিডিওতে তুলে ধরা হয়েছে ডা. শরদ পান্ডের চিকিৎসাজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওটির সঙ্গে হৃদয়ের ইমোজি দিয়ে অনুভূতি প্রকাশ করেন অনন্যা। ডা. শরদ পান্ডে ভারতের হৃদরোগ চিকিৎসার ইতিহাসে পরিচিত একটি নাম। ১৯৬৮ সালে ভারতে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন অস্ত্রোপচার পরিচালনাকারী চিকিৎসক দলের সদস্য ছিলেন তিনি। সেটি ছিল বিশ্বের ষষ্ঠ হৃদযন্ত্র প্রতিস্থাপন।
শতাধিক রক্তবিহীন ওপেন হার্ট সার্জারির পথিকৃৎ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীদের রক্তের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি হৃদযন্ত্রের ক্ষতিগ্রস্ত অংশের চিকিৎসায় ‘পান্ডে শান্ট’ নামে একটি বিশেষ অস্ত্রোপচার পদ্ধতি উদ্ভাবন করেন। চিকিৎসাবিজ্ঞানে তার এই উদ্ভাবন বিশেষ গুরুত্ব বহন করে।
তার চিকিৎসাজীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ২৯ বছর বয়সী এক রোগীর হৃদযন্ত্রের বাম প্রকোষ্ঠ থেকে টিউমার অপসারণ। ভারতে এ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে এটি ছিল প্রথম সাফল্য।
চিকিৎসক হিসেবে তার পেশাদারিত্বের পাশাপাশি রোগীদের প্রতি দায়িত্ববোধের গল্পও অনুপ্রেরণাদায়ক। ২০০৪ সালে মুম্বাইয়ে নিজ বাসভবনে মারা যান ডা. শরদ পান্ডে।




