সপ্তম সপ্তাহে ‘চিরকুট’ ষষ্ঠে ‘অন্যপাতা’

‘অন্যপাতা’ চলচ্চিত্রের পোস্টার ও ‘চিরকুট’ চলচ্চিত্রের একটি দৃশ্য
সপ্তম সপ্তাহেও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘চিরকুট’। অন্যদিকে, ষষ্ঠ সপ্তাহে পা রেখেছে স্বাধীন চলচ্চিত্র ‘অন্যপাতা’। ব্যতিক্রমী গল্প ও নির্মাণের মধ্য দিয়ে দর্শকের সাড়া পাওয়া সিনেমা দুটি ব্যবসায়িকভাবেও সাফল্য পেয়েছে।
খরচের টাকা উঠে গেছে
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সত্য ঘটনা অবলম্বনে মুনতাসির আকিব নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আজিজুন মিম। মুক্তির সপ্তম সপ্তাহে সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের মিলিটারি মিউজিয়াম শাখায় চলছে। মুনতাসির আকিব বললেন, ‘আগামী সপ্তাহ থেকে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে পরিবেশক সমিতির সঙ্গে কথাবার্তা হয়েছে।’ ‘চিরকুট’-এর আয় প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, নির্মাণে যে অর্থ ব্যয় হয়েছে, তা মোটামুটি উঠে এসেছে। তবে এখনো সিঙ্গেল স্ক্রিন, ওটিটি, টেলিভিশন স্বত্ব, আন্তর্জাতিক পরিবেশনা ও চলচ্চিত্র উৎসবের মতো বেশ কয়েকটি ক্ষেত্র থেকে আয়ের সুযোগ রয়েছে। ইতিমধ্যে নিজের পরবর্তী সিনেমা নিয়েও পরিকল্পনা সাজিয়েছেন আকিব। আগামী বছরের মার্চে সেটির শুটিং শুরু করতে চান তিনি। সবকিছু ঠিক থাকলে পরের বছরের দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাজেটের ১২ গুণ আয়
৪০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সম্মিলিত উদ্যোগে নির্মিত স্বাধীন চলচ্চিত্র ‘অন্যপাতা’। এর নির্মাতা চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শাহজাহান এ্যানি। ‘অন্যপাতা’ সংশ্লিষ্টদের দাবি, মুক্তির ৩৬তম দিনে সিনেমাটির মোট আয় নির্মাণ ব্যয়ের ১২ গুণ ছাড়িয়েছে। বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা করপোরেট পৃষ্ঠপোষকতা ছাড়াই এমন সাফল্য পেয়েছে এটি।
মুক্তির পর দেশের ১৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ‘অন্যপাতা’। সংশ্লিষ্টদের হিসাবে, চতুর্থ সপ্তাহ শেষে এর আয় ছিল প্রায় ৩৮ লাখ টাকা। পঞ্চম সপ্তাহ শেষে সেই আয় ৪১ লাখ টাকা ছাড়িয়েছে। প্রথম পাঁচ সপ্তাহে সিনেমাটির মোট ৬৯৩টি প্রদর্শনী হয়েছে। ষষ্ঠ সপ্তাহ শেষে প্রদর্শনীর সংখ্যা ৭৫৬-তে পৌঁছানোর আশা করছেন সংশ্লিষ্টরা। তবে সিঙ্গেল স্ক্রিনের পূর্ণাঙ্গ আয় এখনো হিসাব করা হয়নি। স্টার সিনেপ্লেক্সসহ মাল্টিপ্লেক্সগুলোর আয় নিয়মিত পাওয়া গেলেও অন্য প্রেক্ষাগৃহের হিসাব যুক্ত হলে মোট আয় আরও বাড়তে পারে।
স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড, ফিনলে স্কয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সীমান্ত টাওয়ারের পাশাপাশি লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, সুগন্ধা সিনেপ্লেক্স, সিনেস্কোপ, মম ইন থিয়েটার, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স, কে স্ক্রিন, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, শ্যামলী সিনেমা ও রাজতিলক সিনেমায় চলছে এটি।



