বিয়ের পর প্রতিদিন ১০-১৫ বার যে কাজ করেন রাশমিকা

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা
ভালোবাসা, বিয়ে ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন ভারতের তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের সম্পর্ক কীভাবে সুন্দর রাখা যায়, তা নিয়েও নিজেদের ভাবনা জানিয়েছেন তারা। বিয়ের পরও বিজয়কে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেন রাশমিকা।
প্রখর গুপ্তার পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছেন, ‘একটা সম্পর্ক যেন কখনো এমন না হয় যে, শুধু একজনকেই সেটি টেনে নিয়ে যেতে হচ্ছে। বরং ভালোবাসার মানুষের জন্য নিয়মিত ছোট ছোট চেষ্টা করে যেতে হয়।’
দীর্ঘদিনের সম্পর্ক কিংবা বিয়ের পরও এসব প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। তার মতে, সময়ের সঙ্গে অনেক সম্পর্কেই ভালোবাসার সাধারণ প্রকাশগুলো কমে যায়। যেমন—‘শুভ সকাল’, ‘কেমন আছো’ কিংবা ‘তোমার দিন কেমন গেল’— এসব কথা একসময় বলা বন্ধ হয়ে যায়। কারণ দুজনের মনে হতে থাকে, সঙ্গী তো সব জানেই। কিন্তু রাশমিকার মতে, সম্পর্ক যত পুরনোই হোক, এসব ছোট ছোট যত্নের প্রকাশ চালু রাখা উচিত। তার ভাষায়, ‘এটাই ভালোবাসা।’
একমত হয়ে বিজয় বললেন, সম্পর্কের ক্ষেত্রে রাশমিকা তার চেয়েও বেশি পরিণত। ৩৭ বছর বয়সী এই নায়কের ভাষায়, “সে আমাকে দিনে অন্তত ১০-১৫ বার বলে, ‘আমি তোমাকে ভালোবাসি।’ পাশাপাশি সে মনে করিয়ে দেয়, আমারও অনুভূতিগুলো প্রকাশ করা উচিত। আমি সবসময় অনুভব করি, কিন্তু শুধু মনে মনে ভাবলেই তো হবে না যে, সে জানে— তাই আর বলার প্রয়োজন নেই।”
রাশমিকার সুবাদেই নিজের অনুভূতি প্রকাশের বিষয়টি আরও সচেতনভাবে উপলব্ধি করতে পেরেছেন বলেও জানিয়েছেন বিজয়। তার মতে, জীবনের ব্যস্ততায় মানুষ অনেক সময় ছোট অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে যায়। রাশমিকা তাকে সেগুলো মনে করিয়ে দিয়েছেন।
বিজয় ও রাশমিকা ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর তৃতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করছেন ‘রানাবালি’ সিনেমায়। গত ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে জড়ানোর পর এটিই পর্দায় তাদের প্রথম একসঙ্গে হাজির হওয়া।




