থিয়েটারিয়ানের ‘ডেথ অব অ্যা সেলসম্যান’

‘ডেথ অব অ্যা সেলসম্যান’ নাটকের দৃশ্য- থিয়েটারিয়ান
উইলি লোম্যান নামের এক বিক্রয়কর্মীর জীবন ও মৃত্যুকে কেন্দ্র করে রচিত ‘ডেথ অব অ্যা সেলসম্যান’ নাটকটি আধুনিক বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে বিবেচিত। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে নাটকটি নিয়মিত মঞ্চায়ন হয়ে আসছে। নাট্যদল থিয়েটারিয়ান প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে ‘ডেথ অব অ্যা সেলসম্যান’। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এর ১৯তম প্রদর্শনী হবে।
নাট্যকার আর্থার মিলারের নাটক ‘ডেথ অব অ্যা সেলসম্যান’ অনুবাদ করেছেন ফতেহ্ লোহানী, নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন আশিকুর রহমান লিয়ন। পুঁজিবাদী সমাজে মানুষের বেঁচে থাকা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প উঠে এসেছে এতে।
থিয়েটারিয়ানের ভাষ্য, স্মৃতি, স্বপ্ন, দ্বন্দ্ব ও তর্কের মধ্য দিয়ে উইলি লোম্যানের জীবনের শেষ দিনটির বয়ান তৈরি হয়েছে। ‘আমেরিকান ড্রিম’ সম্পর্কে ভুল ধারণা নিয়ে জীবন কাটানো উইলি একজন ব্যর্থ বিক্রয়কর্মী। তার মৃত্যু পুঁজিবাদী ব্যবস্থায় মধ্যবিত্ত মানুষের জীবনসংগ্রাম ও পরিণতির প্রতীক হয়ে ওঠে।
নাটকটিতে ভোগবাদী সমাজে মানুষকে পণ্য হিসেবে বিবেচনা করা এবং শ্রমজীবী মানুষকে ব্যবহার শেষে পরিত্যাগ করার প্রবণতা তুলে ধরা হয়েছে। বৃহৎ প্রতিষ্ঠানের মুনাফাকেন্দ্রিক ব্যবস্থায় শ্রমিকের শ্রম, মন ও মননের শোষণের পাশাপাশি উঠে এসেছে স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা ও ব্যর্থতার গল্প। আর্থার মিলারের এই নাটক তাই একটি ব্যক্তির স্বপ্নভঙ্গের কাহিনির মধ্য দিয়ে বৃহত্তর সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার সংকটকে সামনে আনে।
উইলি লোম্যান চরিত্রে অভিনয় করছেন তৌহিদ বিপ্লব।



