সুইফট-ট্রাভিসের রাজকীয় বিয়ে

টেইলর সুইফট-ট্রাভিস কেলসি
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়েকে এরই মধ্যে অনেকে ‘শতাব্দীর সবচেয়ে আলোচিত সেলিব্রিটি বিয়ে’ বলে অভিহিত করছেন।
শুক্রবার (স্থানীয় সময়) টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের খবর নিশ্চিত করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর নিউ ইয়র্কের ম্যানহাটনে বিশাল ডিজিটাল বিলবোর্ডে ভেসে ওঠে— ‘জাস্ট টিঅ্যান্ডটি ম্যারিড’। একই সময় নীল আলোয় আলোকিত করা হয় এম্পায়ার স্টেট বিল্ডিংকেও। ঠিক তখনই শুরু হয় হালকা বৃষ্টি। অনেক ভক্তের ভাষায়, যেন কোনো হলিউডি রোমান্টিক সিনেমার শেষ দৃশ্য।
বিয়েতে টেইলরের ভাই অস্টিন সুইফট ছিলেন ‘ম্যান অব অনার’, আর ট্রাভিসের ভাই জেসন কেলসি ছিলেন ‘বেস্ট ম্যান’। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ট্রাভিসের ঘনিষ্ঠ বন্ধু হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। টেইলর ও ট্রাভিস দুজনই ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউজ ক্রিশ্চিয়ান ডিওরের বিশেষভাবে তৈরি পোশাক পরেন।
বিয়ের অতিথি তালিকাই ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ। প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে ম্যাডিসন স্কয়ার গার্ডেন যেন একসঙ্গে গ্র্যামি, অস্কার ও সুপার বোলের তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল। হলিউডের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী ডাকোটা জনসন, জেসিকা আলবা, জোই ক্রাভিটজ, অভিনেতা হিউ গ্রান্ট, ব্র্যাডলি কুপার, এরিক স্টোনস্ট্রিট, ক্রিস রক, জেসন সুডেইকিস। ফ্যাশন অঙ্গন থেকে উপস্থিত ছিলেন সুপারমডেল জিজি হাদিদ ও কার্লি ক্লস। সংগীতাঙ্গন থেকে এড শিরান, গোয়েন স্টেফানি, স্টিভি নিকসসহ আরও অনেকে।
নিউ ইয়র্কে তাপমাত্রা ছিল প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম উপেক্ষা করে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন শুধু প্রিয় তারকাদের একবার দেখার আশায়। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ভক্তরাও নিজেদের মতো করে টেইলর-ট্রাভিসের বিয়ে উদযাপন করেন।
এত বড় আয়োজন হলেও টেইলর ও ট্রাভিসের একসঙ্গে বিয়ের আনুষ্ঠানিক কোনো ছবি এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি।




