আনিত পাড্ডাকে নতুন প্রস্তাব

আনিত পাড্ডা - ইনস্টাগ্রাম
‘সাইয়ারা’র মাধ্যমে তরুণদের ক্রাশে পরিণত হওয়া বলিউড তারকা আনিত পাড্ডা আবারও আলোচনায়। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’র দ্বিতীয় কিস্তিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। ফলে প্রথমবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের বিপরীতে ২৩ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত বছর যশরাজ ফিল্মস প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’র অভাবনীয় সাফল্যের পর আনিত পাড্ডাকে নিয়ে বলিউড নির্মাতাদের তুমুল আগ্রহ তৈরি হয়। তিনি এখন ম্যাডক হরর ইউনিভার্সের ‘শক্তি শালিনী’ সিনেমার কাজ করছেন। এবার তার দুয়ারে কড়া নাড়লেন ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’র প্রযোজক করণ জোহর ও পরিচালক অয়ন মুখার্জি।
‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’য় রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন আলিয়া ভাট। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন ও মৌনি রায়। এর দ্বিতীয় কিস্তি নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকের। কারণ, বেশ কিছু প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হয় এই চলচ্চিত্র। বিশেষ করে পোস্ট-ক্রেডিট দৃশ্যকে ঘিরে ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। ওই দৃশ্যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের চরিত্রের উপস্থিতির ইঙ্গিত মিলেছিল, যদিও তার মুখ স্পষ্টভাবে দেখানো হয়নি। তার কোলে একটি শিশুকে দেখা যায়। এর পর থেকেই পরবর্তী কাহিনিতে দীপিকার চরিত্রের ভূমিকা নিয়ে নানা তত্ত্ব সামনে আসতে থাকে। ধারণা করা হচ্ছিল, ‘ব্রহ্মাস্ত্র ২’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, নতুন সিনেমাটিতে তার থাকার খবর অস্বীকার করেছে নায়িকার টিম।
এরই মধ্যে বহুল প্রতীক্ষিত সিনেমাটির কাস্টিং নিয়ে নতুন খবর সামনে এলো। সূত্রের খবর, ‘ব্রহ্মাস্ত্র ২’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আনিতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে আলোচনা চলছে, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত তাকে যেসব চরিত্রে দেখা গেছে, এটি সেগুলোর চেয়ে একেবারেই ভিন্ন ধরনের।






