বড় পর্দায় রাপুনজেল-ফ্লিন, আসছে ‘ট্যাঙ্গেলড’-এর লাইভ-অ্যাকশন

সংগৃহীত ছবি
লম্বা চুলের রূপকথার রাজকন্যা রাপুনজেলকে কে না চেনে? ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ট্যাঙ্গেলড’ সিনেমাটি দেখেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। মুক্তির পর বিশ্বজুড়ে ছোট-বড় সবার মন জয় করে নিয়েছিল এই কালজয়ী অ্যানিমেশন।
এবার ভক্তদের দারুণ সুখবর দিল ডিজনি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাটির লাইভ-অ্যাকশন অর্থাৎ মূল অভিনয়শিল্পীদের নিয়ে নতুন সংস্করণ বানানোর আনুষ্ঠানিক ঘোষণা দিল দ্য ওয়াল্ট ডিজনি পিকচার্স।
ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘ডি২৩: দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্ট’-এ সিনেমার মুক্তি ও অভিনেতা-অভিনেত্রীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ডেডলাইন জানিয়েছে, ২০২৮ সালের ৩১ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে লাইভ-অ্যাকশন ‘ট্যাঙ্গেলড’।
সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে সিনেমার প্রধান দুই চরিত্রের নাম। এতে আইকনিক ‘রাপুনজেল’ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী টিগ্যান ক্রফ্ট। ডিজনির এই রাজকুমারীর বিপরীতে চালাক কিন্তু দয়ালু ‘ফ্লিন রাইডার’ হিসেবে পর্দায় হাজির হবেন অভিনেতা মাইলো ম্যানহাইম।
টিগ্যান ক্রফ্ট ডিসি সিরিজের জনপ্রিয় শো ‘টাইটানস’-এ ‘রেভেন’ চরিত্র এবং নেটফ্লিক্সের ‘ট্রু স্পিরিট’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন। অন্যদিকে, মাইলো ম্যানহাইম ডিজনির সুপারহিট মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি ‘জম্বিজ’-এ ও প্যারামাউন্ট প্লাসের জনপ্রিয় শো ‘স্কুল স্পিরিটস’-এ অভিনয় করে তরুণ প্রজন্মের কাছে তুমুল পরিচিতি পান।
হলিউডের বেশ কয়েকজন শীর্ষ তারকা ও কলাকুশলী যুক্ত হয়েছেন এই মেগা প্রজেক্টে। ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ খ্যাত বিখ্যাত পরিচালক মাইকেল গ্রেসি পরিচালনা করছেন সিনেমাটি। জেনিফার কায়টিন রবিনসনের চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করছেন ক্রিস্টিন বার। সিনেমাটিতে জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যাথরিন হানকেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে।
২০১০ সালের সেই জাদুকরী অ্যানিমেশন যখন বাস্তব রূপ নিয়ে ২০২৮ সালে রূপালি পর্দায় আসবে, তখন দর্শকদের অনুভূতি কেমন হবে— এখন সেটাই দেখার অপেক্ষায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ডিজনি ভক্ত!







