সিনেমা হল নির্মাণ ও হলে দর্শক ফেরাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
সোমবার (১২ অক্টোবর) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলচ্চিত্র খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সিনেমা হলের উন্নয়নে আলোচিত ১ হাজার কোটি টাকার ঋণ তহবিলের বিষয়টি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করে বরাদ্দের অর্থ যেন শুধু সিনেপ্লেক্স নয়, প্রচলিত সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলোর উন্নয়নেও কাজে লাগানো যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেছেন, বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। দেশে চলচ্চিত্রের দর্শক বাড়াতে বিদেশি সিনেমার পাশাপাশি মানসম্মত দেশীয় চলচ্চিত্র নির্মাণের কোনো বিকল্প নেই।
সভায় ই-টিকেটিং ব্যবস্থা চালুর বিষয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত ও রাজস্ব বাড়াতে সিনেমা হলগুলোতে ই-টিকেটিং ব্যবস্থা চালুর জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া চলচ্চিত্রশিল্পে নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। ‘প্রতিভার সন্ধানে’ কর্মসূচির মাধ্যমে বিএফডিসির উদ্যোগে নতুন ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক খুঁজে বের করার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা হবে বলে জানালেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক শরফুদ্দীন এলাহী চৌধুরীসহ সংগঠনের নেতারা দেশের সিনেমা হলগুলোর বর্তমান সংকট ও আধুনিকায়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
তাদের দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, প্রস্তাবগুলো পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়া হবে।




