১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
বিনোদন ডেস্ক

একতা কাপুর ও বিদ্যা বালান
বলিউডে আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল আসছে। প্রথম সিনেমা মুক্তির ১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন সিনেমার গল্প, অভিনয়শিল্পী কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।
সম্প্রতি রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে সিনেমাটি নিয়ে কথা বলেন একতা কাপুর। সেখানেই তিনি জানান, অনেক বছর পর এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন এমন একটি গল্প পাওয়ার পর, যেটি তিনি দর্শকদের সামনে তুলে ধরতে চান।
একতা কাপুর বলেন, ‘আমি একটি বড় সিনেমা বানাচ্ছি, সেটি হলো দ্য ডার্টি পিকচার ২। ১৫ বছর পর এটি করার পরিকল্পনা করছি। এবার আমার মনে হয়েছে, এমন একটি গল্প আছে, যেটি আমি বলতে চাই।’
২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। মিলন লুথরিয়া পরিচালিত সিনেমাটি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন ও ক্যারিয়ার থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল। সিনেমায় বিনোদন জগতে এক নারীর উত্থান, তার যৌনতা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি এবং নানা প্রতিকূলতার বিষয় তুলে ধরা হয়।
সিল্ক স্মিতার চরিত্রে বিদ্যা বালানের অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মাননাও পান তিনি। ছবিতে বিদ্যার সঙ্গে নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরের অভিনয়ও দর্শকদের নজর কাড়ে।
মূল সিনেমার প্রসঙ্গে একতা কাপুর বলেন, ‘দ্য ডার্টি পিকচার’ ছিল সিল্ক স্মিতাকে নিয়ে। এমন একজন নারীকে নিয়ে, যিনি নিজের যৌনতা নিয়ে নিজের অবস্থান প্রকাশ করায় সমাজের সমালোচনার মুখে পড়েছিলেন। তবে আমি তাকে কখনো ভুক্তভোগী হিসেবে দেখিনি। বরং এমন একজন নারী হিসেবেই দেখেছি, যিনি নিজের যৌনতাকে উদযাপন করেছিলেন।’
একতা আরও ইঙ্গিত দিয়েছেন, সিক্যুয়েলটিও একজন ব্যক্তিকে কেন্দ্র করে তৈরি হবে। তবে সেই ব্যক্তি কে, তা এখনো প্রকাশ করেননি তিনি। ফলে নতুন সিনেমাটি সিল্ক স্মিতার গল্পের ধারাবাহিকতা হবে, নাকি সম্পূর্ণ নতুন কোনো চরিত্রকে ঘিরে নির্মিত হবে, সেটি নিয়েই এখন কৌতূহল তৈরি হয়েছে।
এখন পর্যন্ত ‘দ্য ডার্টি পিকচার ২’-এর প্রধান অভিনেতা-অভিনেত্রী, পরিচালক কিংবা মুক্তির সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ১৫ বছর পর জনপ্রিয় সিনেমাটির জগতে একতা কাপুরের প্রত্যাবর্তনের ঘোষণায় বলিউডে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
সূত্র-ডিএনএ ইন্ডিয়া





