২৮ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’

প্রিয়াঙ্কা ত্রিবেদী ও ফেরদৌস আহমেদ
নব্বই দশকের বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। দেখতে দেখতে পেরিয়ে গেছে ২৮ বছর। এবার সেই নস্টালজিয়াকে নতুন প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরতে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
মূল গল্পের আবহ অক্ষুণ্ন রেখে সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। ১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’র কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। তাদের অভিনয় ও রসায়ন সিনেমাটিকে দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে।
সেই জনপ্রিয়তার স্মৃতি সামনে রেখেই ‘আবার হঠাৎ বৃষ্টি’তে কেন্দ্রীয় দুই চরিত্রে নেওয়া হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে। সিনেমাটিতে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান, আর প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
‘আবার হঠাৎ বৃষ্টি’তে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক অভিনয়শিল্পী।
‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা ছিল নচিকেতা চক্রবর্তীর সুরে তৈরি গানগুলোর। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’ সহ সিনেমাটির গানগুলো এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।
পুরনো সেই আবহ ধরে রাখতে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে আগের ছয়টি গানের মধ্যে তিনটি নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের শ্রোতাদের রুচির কথা মাথায় রেখে যুক্ত করা হয়েছে দুটি নতুন গান।
নির্মাতা কামরুজ্জামান নতুন সিনেমা ও নবীন অভিনয়শিল্পীদের নিয়ে আশাবাদী। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র।




