বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

একসময়ের জনপ্রিয় দুই অভিনেতা ওমর সানী ও বাপ্পারাজ। একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তারা। পর্দার বাইরেও দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধুত্বের স্মৃতিচারণা করতে গিয়ে বাপ্পারাজের প্রশংসা করে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন ওমর সানী। বন্ধুর ভালো গুণের পাশাপাশি তার দুষ্টুমির কথাও তুলে ধরেছেন এ অভিনেতা।
গতকাল নিজের ফেসবুক পোস্টে বাপ্পারাজকে ভালো মানুষ, ভালো বন্ধু এবং হাসিখুশি ও দুষ্টু স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন ওমর সানী।
বাপ্পারাজের সঙ্গে একসঙ্গে কাজ করার স্মৃতিচারণা করে তিনি লেখেন, ‘একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’
একসঙ্গে অনেক সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে ওমর সানী জানান, নায়করাজ রাজ্জাকের সন্তান এবং নিজেও একজন ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও বাপ্পারাজের মধ্যে কখনো অহংকার দেখেননি তিনি। বরং সহকর্মীদের সঙ্গে তার আচরণ মুগ্ধ করেছে ওমর সানীকে।
এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘অনেক ছবি করেছি একসঙ্গে। নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু দিন শেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।’
বন্ধুর দুষ্টুমির কথাও ভুলতে পারেননি ওমর সানী। তার ভাষ্য, বাপ্পারাজ আগেও যেমন দুষ্টুমি করতেন, এখনো তেমনই করেন। পুরনো দিনের মজার মুহূর্তগুলো মনে করে অভিনেতা লেখেন, ‘আর এত দুষ্টুমি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।’
পোস্টে বাপ্পারাজকে নিজের ও চিত্রনায়িকা মৌসুমীর ভালো বন্ধু হিসেবেও উল্লেখ করেছেন ওমর সানী। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরঞ্চ আমরা খারাপ।’
নিজের প্রজন্মের একজন অভিনেতা হিসেবে বাপ্পারাজকে নিয়ে গর্বের কথাও জানান ওমর সানী। বন্ধুর প্রশংসা করলেও তার দুষ্টুমির প্রসঙ্গ টেনে মজার ছলে তিনি লেখেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিন শেষে বলি, আপনি অনেক দুষ্টু।’
দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুকে নিয়ে ওমর সানীর এ স্মৃতিচারণায় উঠে এসেছে তাদের কাজের অভিজ্ঞতা, বন্ধুত্ব এবং বাপ্পারাজের ব্যক্তিত্বের নানা দিক।





