ইমরান খান ও তার প্রেমিকাকে ছেড়ে দিল পুলিশ

বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খানকে ছেড়ে দিয়েছে ভারতের মুম্বাই পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় শনিবার তাদের আটক করা হয়েছিল। আটকের কয়েক ঘণ্টা পরই তাদের মুক্তি দেওয়া হয়।
মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে শনিবার সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান, লেখা ও জায়েন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ থেকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি এবং ভোটার তালিকা সংশোধনপ্রক্রিয়া বন্ধের আহ্বান জানায় দলটি।
তবে আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইমরান ও তার সঙ্গীদের পুলিশি ভ্যানে তোলার দৃশ্য দেখা যায়।
মুক্তি পাওয়ার পর আটকের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেন তারা। ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে লেখা ওয়াশিংটন জানান, তারা নিরাপদে আছেন।
আটকের সময়ের বিভিন্ন ঘটনা ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন জায়েন মারি খানও। তিনি জানান, থানায় নেওয়ার পর তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে এক পুলিশ কর্মকর্তা তাদের পথ আটকে দেন। পরে তাঁরা পুলিশের কাছে আটকের কারণ জানতে চান।
এদিকে সিজেপির আন্দোলনে বলিউডের কয়েকজন পরিচিত মুখও সমর্থন জানিয়েছেন। গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে দলটির আয়োজিত সমাবেশে অংশ নিয়েছিলেন অভিনেত্রী শাবানা আজমি ও বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
ওই সমাবেশে শাবানা আজমি ভোটাধিকার ও গণতন্ত্রের বিষয়ে নাগরিকদের সচেতন থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর বক্তব্য ছিল, মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠলে প্রতিবাদ করার অধিকারও অক্ষুণ্ন থাকা উচিত।
সিজেপির এই আন্দোলন দিল্লির বাইরে মুম্বাইয়েও ছড়িয়ে পড়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে দলটির অভিযোগ ও প্রতিবাদ কর্মসূচি ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।





