বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল সালমান-মাধুরীর খাট ভাঙার দৃশ্য

সালমান খান ও মাধুরী দীক্ষিত
বলিউডের রোমান্টিক সিনেমার কথা উঠলেই সবার আগে মনে আসে ১৯৯৪ সালের ব্লকবাস্টার ‘হাম আপকে হেইন কৌন’ এর নাম। মাধুরী দীক্ষিতের মনমাতানো হাসি আর সালমান খানের দুষ্টু-মিষ্টি রোমান্স, সব মিলিয়ে সিনেমাটি আজও দর্শকের মনে গেঁথে আছে।
বিশেষ করে জুতো চুরির সেই মজার পর্ব আর শেষ পর্যন্ত সালমান-মাধুরীর খাটের ওপর হুড়মুড়িয়ে পড়ে গিয়ে খাট ভেঙে যাওয়ার দৃশ্যটি কে ভুলেছে? কিন্তু জানেন কি, পর্দায় ঝড় তোলা এই আইকনিক দৃশ্যটি আদতে পরিচালক সুরজ বরজাতিয়ার বাস্তব জীবনের এক মজার ঘটনা থেকে অনুপ্রাণিত?
সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-তে হাজির হয়ে এই মজার তথ্য ফাঁস করেছেন পরিচালক নিজেই। অভিনেতা আয়ুষ্মান খুররানার এক প্রশ্নের জবাবে সুরজ বরজাতিয়া জানান, তার বয়স যখন মাত্র ১৩ বছর, তখন তিনি মুম্বাইয়ের একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখানে এক তরুণী তার এক ভাইকে চড় মেরে বসেন।
সেই অপমানের প্রতিশোধ নিতে ক্ষেপে গিয়ে ওই তরুণীর পেছনে ধাওয়া করেন কিশোর সুরজ। ছুটতে ছুটতে দুজনেই একটি খাটের ওপর পড়ে গেলে খাটটি ভেঙে যায়।
বিয়েবাড়ির সেই মজার ও কিছুটা লজ্জাজনক শৈশবের স্মৃতিটাই বহু বছর পর নিখুঁতভাবে বড় পর্দায় ফুটিয়ে তোলেন সুরজ বরজাতিয়া। আর তাতেই জন্ম নেয় ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম হাসিখুশি ও রোমান্টিক এক দৃশ্য।
কথোপকথনের একপর্যায়ে অর্চনা পুরন সিং পরিচালক সুরজ বরজাতিয়ার শান্ত ও ধীরস্থির স্বভাবের প্রসঙ্গ তুলেন। তিনি জানতে চান, পরিচালক কখনো মেজাজ হারান কি না। তখন উপস্থিত অন্য তারকারাও জানান যে সুরজ বরজাত্যা সাধারণত খুব একটা রেগে যান না।
তবে, এই কথার জবাবে পরিচালক হাসিমুখে একটু ভিন্ন ইঙ্গিত দিয়ে জানান, অভিষেক বচ্চন বা কারিনা কাপুরের কাছে তার রাগ নিয়ে হয়তো একদম আলাদা এবং মজার কিছু গল্প থাকতে পারে।
কাউকে তার বলা সবচেয়ে কঠোর কথাটি কী ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে অর্চনাকে সরাসরি সালমান খানকে জিজ্ঞেস করতে বলেন যে, তিনি তাকে কতটা বকেছিলেন।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা ভারতীয় পরিবারগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং বলিউডের অন্যতম সেরা পারিবারিক বিনোদনমূলক সিনেমার স্বীকৃতি পায়।




